পানির সংকটে শ্যামপুরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির সংকটে ভুগছেন রাজধানীর শ্যামপুরের তিনটি ওয়ার্ডের মানুষ। এদের খাওয়ার পানির যেমন সংকট, তেমনি রান্নার। গোসলের পানির চাহিদা মেটে ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে। কিন্তু তাতেও নানা বিপত্তি। এই সমস্যা চলছে পাঁচ বছর ধরে। নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়াসার কর্মকর্তারা সমাধানের শুধু আশ্বাসই দেন।
শ্যামপুরের ডিআইটি আবাসিক এলাকা ঢাকা সিটি করপোরেশনের বাইরে। গতকাল রোববার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, একটি বাড়ির দেয়ালে লাগানো পানির কলে মানুষের সারি। প্রত্যেকের সঙ্গে বালতি, কলস বা ড্রাম। এসব মানুষ প্রতিদিন সকাল-সন্ধ্যা চৌধুরীদের এই কল থেকে খাবার ও রান্নার পানি সংগ্রহ করে।
এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াসার সরবরাহ করা পানি তারা ব্যবহার করতে পারেন না। পানিতে প্রচুর পরিমাণে আয়রন। রং কিছুটা হলুদ।
এলাকার বাসিন্দা শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা ওয়াসার পানি ব্যবহার করতে পারি না। পানিতে অতিরিক্ত আয়রন। পানি বিস্বাদ।’ শাহাদাৎ বলেন, এই পানি ব্যবহার করলে হাঁড়ি-পাতিল কাপড় অল্প দিনে নষ্ট হয়, দাঁত হলুদ হয়ে যায়। এই পানিতে গোসল করলে চুল আঠা হয়ে যায়। এমনকি পানির কলও অল্প দিনে নষ্ট হয়ে যায়।
এই অভিযোগ শাহাদাৎ হোসেনের একার নয়, এলাকাবাসী অনেকের। সুফিয়া খাতুন বলেন, এখন পানি কিছুটা ভালো, তবুও পান করা যায় না। অন্য সময় ময়লা পানি আসে। সেই পানি কোনো কাজেই ব্যবহার করা যায় না। পানি নিয়ে এই অভিযোগ এলাকার প্রায় সব মানুষের।
শ্যামপুরের ডিআইটি আবাসিক এলাকা ছাড়াও আলীবহর, গুলবাগ ও পালপাড়ার মানুষ একই সমস্যায় ভুগছে। চৌধুরীদের মতো এলাকার অবস্থাপন্ন কিছু মানুষ নিজেদের টাকায় গভীর নলকূপ বসিয়েছেন। কেউ কেউ সেই পানি দরিদ্র প্রতিবেশীদের দেন।
সমস্যার কথা স্বীকার করেছেন ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, উজালা ম্যাচ ফ্যাক্টরির পাশের গভীর নলকূপটি প্রতিস্থাপন করা হয়েছে। আশা করা যায় সপ্তাহ খানেকের মধ্যে নতুন নলকূপ চালু হবে, মানুষ সুফল পাবে।