পাবনা জেলা আ.লীগের সম্মেলন আজ
প্রায় নয় বছর পর আজ পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এতে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হবে। দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত কমিটির উচ্চপদস্থ নেতারা।
সর্বশেষ ২০০৫ সালের ১২ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বর্তমান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে সভাপতি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হককে সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়। এই কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলী ও আবু ইসহাক। সহসভাপতি ছিলেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, রেজাউর রহিম ও আবদুল হামিদসহ কয়েকজন। কমিটির মেয়াদ ছিল তিন বছর। তবে নতুন কমিটি না হওয়ায় এই কমিটিই শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে।
দলীয় সূত্র জানায়, শহরের পুলিশ লাইন মাঠে সম্মেলন হবে। প্রথম পর্যায়ে শুধু সভাপতি ও সম্পাদক পদ নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে অন্য পদগুলো নির্ধারণ হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এবার জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিগত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক ও অন্য সহসভাপতি রেজাউর রহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে বর্তমান সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুকের নাম শোনা যাচ্ছে। প্রচার-প্রচারণা, পোস্টার, ব্যানারে দলীয় নেতা-কর্মীরা শুধু তাঁর পক্ষই সমর্থন করেছেন। এ পদের জন্য অন্য কাউকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়নি।
তবে দলীয় অন্য একটি সূত্র দাবি করেছে, প্রচার-প্রচারণা না থাকলেও সভাপতি পদের জন্য বর্তমান অন্য সহসভাপতি আবদুল হামিদ ও সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদেও কয়েকজন নেতা দলের উচ্চপর্যায়ে তদবির চালাচ্ছেন। ফলে অধিবেশনে তাঁদের নাম উত্থাপনের সম্ভাবনা রয়েছে।