পাবনা পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের স্থানীয় নেতারা।

একই দাবিতে আজ দুপুরে পাবনা-ঢাকা ও ও পাবনা-ঈশ্বরদী মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন দলের পরাজিত মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন পক্ষপাতিত্ব ও আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে আসতে দেয়নি। এতে এ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে।

পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘জেলায় ৭টি পৌরসভার ৬ টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। পাবনা সদরেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন তা হতে দেয়নি। তারা ভোট গ্রহণ শুরুর পর থেকেই মারমুখী ছিল। পুলিশ, র‍্যাব ও বিজিবি ‘জঙ্গি সাজে’ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারধর করেছে। আতঙ্ক তৈরি করে ভোটারদের কেন্দ্রে আসতে দেয়নি। ফলে কেউ ভোট দিতে পারেনি। আর এ জন্যই আওয়ামী লীগের পরাজয় হয়েছে। তাই জেলা আওয়ামী লীগ এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করছে।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম বলেন, ‘যিনি নির্বাচিত হয়েছেন তিনি প্রশাসনের সঙ্গে আঁতাত করে নিল নকশার মাধ্যমে নির্বাচনে জিতেছেন। আমরা এই নির্বাচন বাতিল দাবি করি।’

জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক অভিযোগ করেন, ‘সরকারি বাহিনী দ্বারা এই নির্বাচন প্রভাবিত করা হয়েছে। কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। ফলে মাত্র ৩৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দাবি করেন, প্রশাসন আওয়ামী লীগের পক্ষের কেন্দ্রগুলো বিশেষ নজরদারিতে এনে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান অভিযোগ করে বলেন, ‘পাবনায় একজন বিশেষ ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনকে কিনে নিয়েছিলেন। ফলে পুলিশ ও প্রশাসন তাদের কর্মী হয়ে গিয়েছিল। আর এ জন্যই নির্বাচনে নৌকার পরাজয় হয়েছে।’

এদিকে একই দাবিতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা। তাঁরা গতকাল বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেন। সেখানে পাবনা-ঢাকা ও পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সংযোগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিকেল চারটা পর্যন্ত তাঁদের এ অবস্থানের কারণে এ দুটি মহাসড়কে সাড়ে তিন ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলে। তাই কোনো ধরনের বল প্রয়োগ করা হয়নি। পরে তাঁরা নিজেরাই অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে আগামী রোববারের মধ্যে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দেওয়া না হলে প্রশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ প্রসঙ্গে পাবনা সদর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন করেছি। ফলাফল কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এর বেশি কিছু বলার নেই।’

পাবনা পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান। তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৪৭ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ২৪ হাজার ৬৫৪ ভোট।