পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলটির জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিমকে চূড়ান্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাহজেবিন শিরিন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে। শিরিনের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনের আলোচনা শুরু হলে বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম সাইদুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম, মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন, উপদেষ্টা আবদুর রহীম, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, যুব ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশা করেন। তাঁরা কেন্দ্রে দৌড়ঝাঁপসহ পোস্টার ও ব্যানার টানিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। গত শুক্রবার কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে রেজাউল রহিমের নাম ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে তিনি (মাহজেবিন শিরিন) জেলা প্রশাসকের কার্যালয়ে এসে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেখা রানী বালো মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ মাহজেবিন শিরিনের বেশ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন।
মাহজেবিন শিরিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন। এখানে দলীয় প্রতীক নেই। আমি দেশের নাগরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার রাখি। তাই মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনে অংশগ্রহণ করব।’
এ প্রসঙ্গে পাবনা-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, পাবনা জেলা আওয়ামী লীগে শৃঙ্খলা আছে, সুনাম আছে। তবে এ ঘটনায় (মাহজেবিন শিরিনের প্রার্থিতা) দলের প্রত্যেক নেতা-কর্মী ক্ষুব্ধ হয়েছেন। শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় ‘বিদ্রোহী’ যুগ্ম সাধারণ সম্পাদক: এদিকে কুমিল্লার নিজস্ব প্রতিবেদক বলেন, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। গতকাল বেলা দুইটায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন ইউপির কয়েকজন চেয়ারম্যান ও সদস্য ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সাজ্জাদ হোসেন গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচনে আমি প্রার্থী হব, এমন বার্তা ভোটারদের কাছে আগেই পৌঁছানো হয়েছিল।’