পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে স্বাভাবিক জীবনধারা বাধাগ্রস্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের মানুষ শঙ্কা ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে স্বাভাবিক জীবনধারা বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
‘জীবন ও রঙের বৈচিত্র্যে স্বপ্নের পাহাড়’ শীর্ষক হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সন্তু লারমা বলেন, পাহাড়ে বসবাসরত জুম্ম জনগণ যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। এই বৈষম্যের কারণে চিত্রশিল্পীরা সাহসী ভূমিকা রাখতে পারছেন না। শিল্পীরা তাঁদের নিজস্ব চিন্তাধারাও প্রকাশ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর পাহাড়ি-বাঙালি সবাই আসা করেছিল পাহাড়ে সুখ-শান্তি ফিরে আসবে। কিন্তু ২০ বছর হতে চললেও চুক্তির বাস্তবায়ন হয়নি।
অনুষ্ঠানে চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, আধুনিকতার প্রভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্য ধরে রাখতে চিত্রশিল্পীদের ভূমিকা রাখতে হবে। নব্বই দশকের আগে বিভিন্ন অঞ্চলে পাহাড়িদের ঐতিহ্যবাহী টংঘর দেখা গেলেও এখন তা হারিয়ে যেতে বসেছে। এ ছাড়া পাহাড়ের মানুষের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি নিয়মিত চর্চা এবং পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে গেছে।
হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি ধনমুনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন, জুম ইসথেটিক কাউন্সিলের (জাক) সভাপতি শিশির চাকমা, এ কে খান ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক মো. লিয়াকত, হিল আর্টিস্ট গ্রুপের সদস্য জয়দেব রোয়াজা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অঞ্জুলীকা খীসা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।