পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে আস্থার পরিবেশ জরুরি
পার্বত্য জনপদের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নৃতাত্ত্বিক বৈচিত্র্যের বিষয়টি মাথায় রেখে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্দেহ-অবিশ্বাস দূর করে আস্থা ও আন্তরিকতার পরিবেশ তৈরিতে সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে নিবিড় আলোচনার ওপর জোর দিতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে নীতি-নির্ধারণী সংলাপ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
পাহাড়ে শান্তি বজায় রাখতে শান্তিচুক্তির অবাস্তবায়িত বিষয়গুলোর বাস্তবায়ন জরুরি বলে মত দেন বক্তারা। ভূমি বিরোধ নিষ্পত্তি ও আদিবাসীদের ক্ষমতায়নের ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, চুক্তির প্রধান শর্ত ছিল-পার্বত্য এলাকার মানুষের জাতিগত বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা। এ শর্ত বাস্তবায়ন করা জরুরি। জাতি বৈচিত্র্যের এ বৈশিষ্ট্য নষ্ট করার চেষ্টা অনেক দুর এগিয়েছে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, সম-অধিকার আন্দোলনের নামে শান্তিচুক্তি বিরোধীদের প্রসার ঘটছে বিএনপি-জামাতের উসকানি ও পৃষ্ঠপোষকতায়।
মেনন বলেন, জনসংহতি সমিতির দাবি অনুসারে প্রতি মাসে এক হাজার বাঙালি পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করছে। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে বাঙালিরা সেখানে গড়ে তুলছেন অবৈধ বসতি। যার কোনো তথ্য সরকারের কাছে নেই।
শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে অভিমান বা হতাশার কোনো সুযোগ নেই। সরকার-জনসংহতি সমিতিসহ সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা দরকার।
সেমিনারে আলোচনা পর্বের প্রধান বক্তা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শান্তিচুক্তি বিরোধীরাই রাষ্ট্র ক্ষমতায় ছিল। বর্তমান সরকার সংবেদনশীল। সে কারণে আলোচনা করছে। আইন করতে খুঁটিনাটি বিষয় বিবেচনা দরকার। সরকার চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে বলে তিনি জানান।
চুক্তি বাস্তবায়নে সময় কাঠামো নির্ধারণ করে কাজ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সময় কাঠামো দরকার। বিভিন্ন বিভাগ হস্তান্তর যাতে সময় কাঠামোর মধ্যে হয়ে যায় সে বিষয়ে নজর দেওয়া উচিত।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, চুক্তির কিছু বাস্তবায়ন হয়েছে। যা হয়নি তার জন্য এত দীর্ঘ সময় লাগার কথা না। তিনি বলেন, ‘চুক্তির দুটো পক্ষই এখনো আছে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে কি না সেটাই আমার প্রশ্ন।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুকী। বক্তব্য রাখেন সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল, সাংসদ এ কে এম ফজলুল হক, কাজী রোজী, হাজেরা সুলতানা, নাজমুল হক প্রধান, টিপু সুলতান, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জান্নাত-এ-ফেরদৌসি প্রমুখ।