পার্লামেন্টে হামলা: নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে খালেদার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মেকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সকালে খালেদা জিয়ার চিঠিটি ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনে পৌঁছে দেওয়া হয়।

বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন চিঠিটি পৌঁছে দেন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের রাজনৈতিক শাখার প্রধান আড্রিয়ান জোনসের হাতে খালেদা জিয়ার ওই চিঠি পৌঁছে দেওয়া হয়। চিঠিতে বিএনপির চেয়ারপারসন সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে চিঠিতে যাবতীয় সন্ত্রাসবাদ, উগ্রবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

গত ২২ মার্চ যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল।