নির্বাচনে বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) চায়, অথচ নিজেরাই ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শনিবার দুপুরে মেঘনা সেতুর টোল প্লাজায় ‘ডিজিটাল টাচ অ্যান্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন কি না—আওয়ামী লীগের নেতারা এমন সন্দেহ প্রকাশ করায় তার সমালোচনা করেছে বিএনপি। এই সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা ব্যক্তিগত আক্রমণ না, এটা রাজনৈতিক বক্তব্য। বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে, পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে কেবল বিএনপিরই আছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ভিত্তিহীন কিছু বিষয় ও ব্যক্তিগত আক্রমণ টেনে এনেছেন। এটা তাঁর জায়গা থেকে অত্যন্ত অশোভন। তাঁর পার্টির অন্য নেতারা এসব ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছেন। ফখরুল ইসলাম সাহেব এত দিন এসব বলেননি। এখন তিনিও একই ভিত্তিহীন বিদ্বেষপ্রসূত ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক আতিকুল ইসলাম প্রমুখ।
টোল প্লাজা-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘টাচ অ্যান্ড গো’ পদ্ধতির আওতায় মেঘনা সেতুর টোল প্লাজায় নতুন করে আটটি বুথ স্থাপন করা হবে। সেখানে রাখা যন্ত্রে কার্ডের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। যাঁদের কার্ড থাকবে না, তাঁরা টাকা দিয়েও যেতে পারবেন।