পাল্টা আহ্বায়ক কমিটি গঠন প্রকাশ্য হয়ে উঠেছে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের ১১ দিন পর দুটি পাল্টা কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নেতা-কর্মীদের বিরোধ প্রকাশ্য হয়ে উঠেছে।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর উপজেলা ও পৌর বিএনপির এক জরুরি সভায় মেয়াদোত্তীর্ণ দুটি কমিটি ভেঙে দেওয়া হয়। একই সভায় ১০টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে ১০১ সদস্যের উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হকের অনুসারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজীকে আহ্বায়ক ও আবদুল মান্নান পাটওয়ারীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আবুল খায়েরকে আহ্বায়ক ও আবুল কালাম পাটওয়ারীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে যথাক্রমে উপজেলা ও পৌর বিএনপির নতুন এই কমিটি গঠন করা হয়।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ গত মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটওয়ারীকে আহ্বায়ক ও পৌর মেয়র মো. মোস্তফা কামালকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে এবং শেখ বেলায়েত হোসেনকে আহ্বায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আকতার হোসেন চৌধুরীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্যের উপজেলা ও পৌর বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, গত ৯ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের সই করা চিঠির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এতে কমিটি গঠনের সময় ওই এলাকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পরামর্শ অনুযায়ী জেলা কমিটি উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, জেলা কমিটির দায়িত্ব পালনকালে মমিনুল হক ও শেখ ফরিদ বিভিন্ন ঘটনায় বিরোধে জড়িয়ে পড়েন। এ কারণে বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ গঠনতন্ত্র লঙ্ঘন করে দলের অযোগ্য নেতা-কর্মীদের নিয়ে কমিটি করেছেন। এই কমিটির সদস্যরা ১০টি ইউনিয়নের একটিতেও ঢুকতে পারবেন না।
উপজেলা বিএনপির অন্য অংশের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘জেলা কমিটি আমাদের কমিটি অনুমোদন দিয়েছে। এ কারণে আমাদের কমিটিই বৈধ।’
মমিনুল হক বলেন, কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে শেখ ফরিদ নিষ্ক্রিয় ও আওয়ামীপন্থীদের নিয়ে পকেট কমিটি করেছেন। ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতা-কর্মীরা দলে স্থান না পেলে সামনে বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যাবে।
শেখ ফরিদ আহমেদ দাবি করেন, দলের গঠনতন্ত্র মেনে তিনি কমিটির অনুমোদন দিয়েছেন। অন্য কারও কমিটি গঠনের এখতিয়ার নেই। কেন্দ্রের চিঠির বিষয়ে তিনি বলেণ, পূর্ণাঙ্গ কমিটি করার সময় মমিনুলের মতামত নেওয়া হবে।