পাল্টা কমিটি ঘোষণা একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যঘোষিত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির একাংশের নেতা-কর্মীরা জনসভা করে ওই কমিটি ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে সভাপতি ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক সাদেক হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং পৌর কমিটির সাবেক সভাপতি আবুল হাসনাতকে সভাপতি ও দলটির কর্মী মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়। বিএনপির একাংশের সভাটি গতকাল বিকেলে স্থানীয় চকবাজারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক সাদেক হোসেন।
জানা যায়, সদ্যঘোষিত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। কমিটির পক্ষে অবস্থান নেন দলটির কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য শরীফুল আলম। আর বিপক্ষে আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
শরীফুল আলম দুই সপ্তাহ আগে ১১৩ সদস্যবিশিষ্ট উপজেলা ও ১০১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন। শরীফুল আলম ঘোষিত উপজেলা কমিটির সভাপতি করা হয় দলটির আহ্বায়ক রফিকুল ইসলামকে। ওই কমিটির সাধারণ সম্পাদক করা হয় পৌর প্যানেল মেয়র আরিফুল ইসলামকে। অপর দিকে পৌর মেয়র মো. শাহিনকে সভাপতি ও যুবদল নেতা মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পৌর কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, ওই কমিটি করার পর থেকে পদবঞ্চিত ব্যক্তিরা গিয়াস বলয়ে জড়ো হন এবং গতকাল জনসভা করেন। জনসভা থেকে শরীফুল আলম ও মো. শাহিনকে ভৈরবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জনসভায় বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ নেতা জাকির হোসেন, তোফাজ্জল হক, আবুল হাসনাত, উছমান মোল্লা, আবদুল হান্নান, মোহাম্মদ হোসেন সরকার প্রমুখ।
এ ব্যাপারে বিএনপি নেতা শরীফুল আলম বলেন, গিয়াস উদ্দিন নিজেই বহিষ্কৃত। সংস্কারপন্থী হওয়ার কারণে কেন্দ্র তাঁকে ২০০৯ সালের এপ্রিল মাসে বহিষ্কার করে। একজন বহিষ্কৃত নেতার মাধ্যমে কমিটি গঠন কিংবা অবাঞ্ছিত—কোনোটিই হালে পানি পাবে না।
অপর নেতা মো. শাহিন বলেন, গিয়াস পক্ষের জনসভায় ২০ জন নেতার নাম দিয়ে পোস্টার ছাপা হয়েছিল। আগেই বলেছিলাম, নাম ছাপা হলেও অর্ধেকের বেশি উপস্থিত থাকবেন না। তা-ই হয়েছে। নাম ছাপিয়ে প্রচার করা হয়েছে, এমন আট-দশজন নেতা মঞ্চে যাননি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বলেন, তাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জন্য কাজ করতে বলেছেন। তিনি দাবি করেন, তাঁকে বহিষ্কার করা হয়নি। ওই পক্ষ পকেট কমিটি গঠন করায় তাঁরা পাল্টা কমিটি গঠন করেছেন।