পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী একে অপরের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।
১৬ এপ্রিল নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউপি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্যপ্রয়াত ইউপি চেয়ারম্যান আবদুল মালেক বেপারির মৃত্যুর পর এ পদটি শূন্য হয়। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার মৈত্র এবং মালেক বেপারির ছেলে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। মিজানুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।
পিরোজপুর প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার মৈত্র সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তিনি নির্বাচনের আচরণ মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন। তাঁর পক্ষে জনসমর্থন দেখে আরেক প্রার্থী মিজানুর রহমান ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর সমর্থক হিন্দু সম্প্রদায়সহ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া মিজানুর রহমানের এক আত্মীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও মিজানুরের পক্ষে ভোট চাচ্ছেন। গত মঙ্গলবার স্থানীয় থানায় মৌখিকভাবে এ বিষয়টি জানানো হয়েছে।
অপরদিকে মিজানুর রহমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী মিথ্যা-বানোয়াট অভিযোগ তুলেছেন। তাঁর কর্মী-সমর্থকেরা কাউকে ভয়ভীতি বা হুমকি দেননি। বরং তাঁর সমর্থকদের আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রতিনিয়ত তাঁদের হুমকি দিচ্ছেন।