একপক্ষের বিরুদ্ধে অভিযোগ কুৎসা রটানো ও স্বেচ্ছাচারিতার। অপরপক্ষের বিরুদ্ধে আছে যৌন হয়রানি থেকে অর্থ আত্মসাৎ, এমনকি পরীক্ষায় নকলে সহায়তার মতো অভিযোগও। শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি এ অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগগুলো আমার কাছে আছে। উপাচার্যের ব্যস্ততার কারণে তাঁর কাছে পৌঁছাতে পারিনি। তবে ওই বিভাগের শিক্ষকদের বলব, নিজেদের মধ্যে যেন কাদা ছোড়াছুড়ি না করেন। তাঁদের বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন সমুন্নত থাকে।’ তিনি আরও বলেন, কোনো অভিযোগ যদি সত্যি হয়, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার আছে, সেটুকু ব্যবস্থা তারা গ্রহণ করবে। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের ওই দুই পক্ষের একদিকে আছেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান ও সহকারী অধ্যাপক রুখসানা পারভীন। অপরপক্ষে আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিনসহ ১১ শিক্ষক।
বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে বিভাগের সভাপতির কাছে অভিযোগ দিয়ে তলবি সভা আহ্বানের দাবি জানান। তাঁর বিরুদ্ধে ‘ক্লাসে এবং ক্লাসের বাইরেও বিভাগের অধিকাংশ শিক্ষকের নামে কুরুচিপূর্ণ, মর্যাদাহানিকর, অপমানজন এবং আপত্তিকর বক্তব্য’ প্রদানের অভিযোগ আনা হয়। ৩০ জুলাই একটি নোটিশ দেন সভাপতি নাসিমা জামান। এতে ৩১ জুলাই বেলা ১১টায় একাডেমিক কমিটির তলবি সভা ডাকা হয়। কিন্তু সোমবার আরেকটি নোটিশ দিয়ে সভা স্থগিত করেন তিনি।
৩১ জুলাই উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দেন রুখসানা পারভীন। এতে তিনি বলেন, ‘২৬ এপ্রিল ২০১৭ আমি পিএইচডি সুপারভাইজার অধ্যাপক রুহুল আমিন স্যারের সঙ্গে গবেষণাকাজ না করার সিদ্ধান্ত নেই। কারণ, তিনি আমাকে একাডেমিক এবং যৌন হয়রানি করেন, যা আমার সহ্যের বাইরে চলে যায়।...সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামে নানা অনিয়ম করতে বাধ্য করেন।যা আমি করি না বলে তাঁরা আমার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন। সর্বশেষ চেয়ারম্যান ম্যাডামকে অপসারণে তাঁদের সঙ্গে থাকতে আমাকে চাপ দেন। কিন্তু আমি না যাওয়ায় আমার বিরুদ্ধে তাঁরা ক্ষিপ্ত হয়েছেন।’
অধ্যাপক রুহুল আমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন অভিযোগের কারণে আমার সম্মানহানি ঘটেছে। সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে আন্দোলন করায় সভাপতি রুখসানাকে ব্যবহার করে এই ধরনের অভিযোগ করিয়েছেন। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
পাশাপাশি রুহুল আমিনসহ ওই ১১ শিক্ষক গতকাল শুক্রবার বিকেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, রুখসানা পারভীন গবেষণার নিয়মকানুন না মেনে, তত্ত্বাবধায়ক রুহুল আমিনের সঙ্গে আলাপ না করেই হঠাৎ একদিন সম্পূর্ণ থিসিসের খসড়া নিয়ে তাঁর কাছে হাজির হন এবং তাৎক্ষণিকভাবে সেটি অনুমোদনের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন রুখসানা। এ ছাড়া রুখসানার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নিজের বাসার কাজ করানোসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলন থেকে বিভাগীয় সভাপতি নাসিমা জামানকে অপসারণের দাবিও জানানো হয়।
ওই ১১ শিক্ষক ২ জুলাই বিভাগের সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। এতে সভাপতির কক্ষে বঙ্গবন্ধুর ছবি না রাখা, একাডেমিক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তকে অগ্রাহ্য, একাডেমিক কমিটির সভায় কোরাম সংকটের আশঙ্কায় প্রচলিত নিয়ম ভেঙে ক্রমাগত জরুরি সভা ডাকা, নিজ বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ইত্যাদি অভিযোগ করা হয়।
নাসিমা জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিভাগের কয়েকজন শিক্ষকের অন্যায়, অনিয়মের প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপারভাইজার পরিবর্তন করিয়েছি। এতে তাঁরা খেপে গিয়ে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ করছেন। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
নাসিমা জামানও ৩ জুলাই ওই শিক্ষকদের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত দিয়েছেন। এতে তিনি বিভাগীয় সভাপতির তহবিল থেকে অর্থ আত্মসাৎ, সান্ধ্য মাস্টার্স পরীক্ষায় পরীক্ষার্থীদের অবাধে নকল করার সুযোগ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনেছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগগুলো এখনো আমার কাছে আসেনি। আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’