সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে বিবাদ এখন ওয়ার্ডে ছড়িয়েছে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বায়কদের নাম ঘোষণা করলে বিপক্ষে থাকা নেতারাও পাল্টা ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। এ ঘটনায় নগর বিএনপির বিভক্তি তৃণমূলে গড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন দলের কর্মী ও সমর্থকেরা।
বিএনপি সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৮ নভেম্বর কেন্দ্র থেকে ২০০৯ সালে নগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকারী শাহরিয়ার হোসেন চৌধুরীকে ফের আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সহসভাপতি বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেন বিগত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ও বর্তমান কমিটিতে সদস্যপদ পাওয়া আবদুল কাইয়ূম জালালীর নেতৃত্বাধীন একটি অংশ। তাঁরা কমিটি ঘোষণার পরদিন বিক্ষোভ করে সেটি বাতিলের দাবি করতে থাকেন। এর পর থেকে দুই পক্ষকেই কেন্দ্রীয় কর্মসূচি দুই ভাগে পালন করতে দেখা গেছে। গত ২৬ ডিসেম্বর নগর বিএনপির বদরুজ্জামান সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে একজনকে আহ্বায়ক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। এর মধ্য দিয়ে নেতৃত্বের বিরোধ ওয়ার্ডে গড়ায়।
নতুন ঘোষিত কমিটি ২৭ ওয়ার্ডে শুধু আহ্বায়ক মনোনীত করে প্রতিটিতে সদস্য রাখা হয়েছে ২০ জন। সাংগঠনিক নির্দেশ হিসেবে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি হবে। অন্যদিকে পাল্টা কমিটি ঘোষণা হয় ১ জানুয়ারি। একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব মনোনীত করে ১৭ সদস্যের কমিটি প্রকাশ করা হয় আবদুল কাইয়ূম জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। এই কমিটিতে অবশ্য ২১ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা আছে।
আবদুল কাইয়ূম জালালী দাবি করেন, নগরের নতুন কমিটি কেউ মানছেন না। তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা হলেও কমিটি গঠন করে দলকে চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয় স্থানীয়ভাবে নয়, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান। নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির একজন সদস্য বলেন, কেন্দ্র থেকে কমিটি গঠনের পর থেকেই যে বিরোধ চলছিল, পাল্টাপাল্টি কমিটি হওয়ায় এখন সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
দুই পক্ষ থেকে ঘোষিত কমিটিতে দেখা গেছে, কারও নাম আবার দুই পক্ষের কমিটিতেও রয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডে আহ্বায়ক মনোনীত হয়েছেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গণি আরেফিন। পাল্টা কমিটিতেও রয়েছে তাঁর নাম। জিয়াউল বলেন, ‘এটা আসলেই বিব্রতকর। আমি কোন পক্ষে—এ নিয়েও প্রশ্ন উঠছে।’
একটিতে স্থান না পেয়ে পাল্টা কমিটিতে স্থান পাওয়ার ঘটনাও ঘটেছে। ৮ নম্বর ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক সিরাজ খান, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ ও সদস্যসচিব শেখ আবদুল হক। সিরাজ খান দাবি করেন, তৃণমূলে পাল্টা কমিটিই গ্রহণযোগ্যতা পেয়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে আগের কমিটির কোনো যোগাযোগ নেই। এদিকে পাল্টা কমিটি ঘোষণার কোনো বৈধতা নেই জানিয়ে নগর বিএনপির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম বলেন, ‘বড় সংগঠন হিসেবে কিছু ক্ষোভ-অসন্তোষ থাকবেই। ওয়ার্ড পর্যায়ে সম্মেলন হলে তা কেটে যাবে।’