পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজশাহীতে উত্তেজনা
>
- বিএনপি থাকবে নগরের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে।
- আওয়ামী লীগ থাকবে তিনটি মোড়ে।
- রায় বিপক্ষে গেলে বিএনপির প্রতিবাদ কর্মসূচি।
- বিএনপি নাশকতা ঘটালে আ. লীগ মোকাবিলা করবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে রাজশাহীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি থাকবে নগরের ভূবনমোহন পার্কসহ নগরের রাস্তার চারটি গুরুত্বপূর্ণ মোড়ে। আওয়ামী লীগ তিনটি মাড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। রায় বিপক্ষে গেলে বিএনপি সাংগঠনিক সভা ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। অন্যদিকে বিএনপি নাশকতা ঘটালে আওয়ামী লীগ মোকাবিলার ঘোষণা দিয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সব নেতার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের ভূবনমোহন পার্কসহ গুরুত্বপূর্ণ স্থানে সাংগঠনিক সভা ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
পার্ক ছাড়া আর কোন কোন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে, জানতে চাইলে নাজমুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা ভূবনমোহন পার্কের পাশাপাশি নগরের গণকপাড়ার মোড়, সোনাদিঘির মোড় ও রেলগেট এলাকায় একই কর্মসূচি পালন করবেন। তবে তাঁরা সোনাদিঘির মোড়ে দাঁড়াতে না পারলে নগরের জাদুঘরের মোড়ে এই কর্মসূচি পালন করবেন। কী ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, জানতে চাইলে তিনি বলেন, শুধু মামলার রায় নেতিবাচক হলেই তাঁরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট, তালাইমারী ও লক্ষ্মীপুর মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জানতে চাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, তাঁরা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি পালন করবেন। কী ধরনের কর্মসূচি পালন করবেন, জানতে চাইলে তিনি বলেন, বিএনপি যদি নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জানমালের ক্ষতিসাধন করে, তাহলে আওয়ামী লীগ মাঠে থেকে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে।
এদিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট, গণকপাড়ার মোড় ও সোনাদিঘির মোড় কাছাকাছি হওয়ায় এই এলাকায় দুই দলের কর্মসূচি থেকে সংঘর্ষের আশঙ্কায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, কেউ সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তাদের মোকাবিলা করার জন্য পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। পুলিশ লাইনস থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সেই সঙ্গে র্যাবও থাকবে। তিনি আরও বলেন, তাঁরা আশা করছেন তেমন কিছু হবে না। আর কিছু হলে তাৎক্ষণিকভাবে তা মোকাবিলা করার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।