পার্বত্য চট্টগ্রামের পাহাড়ধসের এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা এবং নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক ইফতার অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন এখানে ইফতার করছি, তখন অনেক দূরে আমাদের ভাই-বোনেরা খুব কষ্টে আছে। তাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে, আত্মীয়স্বজন মারা গেছেন। ভূমিধসে ১৭০–এর মতো মানুষ মারা গেছেন। তারপরও দুঃখজনকভাবে সরকার কোনো রাষ্ট্রীয় শোক ঘোষণা করেনি এবং এখনো ওই অঞ্চলটিকে উপদ্রুত এলাকা ঘোষণা করেনি। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের যেসব অঞ্চলে ভূমিধস হচ্ছে, ওই সব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক।’ মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশের যে মৌলিকত্ব, তা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দেশ গণতন্ত্রহীন ও অধিকারহীন অবস্থার মধ্যে চলছে। তিনি বলেন, ‘আমরা সব সময় বলছি, আমরা গণতন্ত্র চাই। এটা চাই বলেই আমরা সব সময় লড়াই করছি, সংগ্রাম করছি। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হরণ করে নিয়ে গেছে।’
অনুষ্ঠানে জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির নেতা আবদুস সালাম, তাহমিনা রুশদীর, রুহুল কুদ্দুস তালুকদার, অভিনেতা আশরাফউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।