ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শ্বশুর-জামাতাসহ তিনজন। তিনজনেরই প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তাঁদের মধ্যে একজন এখন কারাবন্দী। দলের স্থানীয় নেতা–কর্মীরা বলছেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা থাকায় নির্বাচনী কাজ শুরু করা যাচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস নির্বাচন সামনে রেখে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি ও কলাবাগান থানা নিয়ে ঢাকা-১০ আসন। আসনটির মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৭৫৮ জন। ২০১৪ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছেন শেখ ফজলে নূর তাপস।
এবার আসনটি থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনজন। তাঁরা হলেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, তাঁর জামাতা ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ এবং দলের নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম। দলের কৌশলের অংশ হিসেবে তিনজনকেই প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর শেখ রবিউল আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
দুই দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি চলছে জোরেশোরে। গত রোববার ধানমন্ডিতে স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করেছেন শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবারও গ্রিন রোডে তাঁর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি বৈঠক করেছেন। এদিক থেকে অনেকাংশেই পিছিয়ে আছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম নেই। দলের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে দলের নেতা–কর্মী ও সাধারণ ভোটাররা দোলাচলে আছেন। দলটির তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ চাইছে শেখ রবিউল আলমকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক, অন্য অংশ চাইছে নাসির উদ্দীন আহমেদকে। প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া আবদুল মান্নানকে নিয়ে তেমন আলোচনা নেই। তবে রবিউল আলম জেলে থাকায় তাঁর মুক্তি ও শেষ পর্যন্ত নির্বাচনে তাঁর অংশ নেওয়া নিয়ে সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা আছে।
বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তফসিল ঘোষণার পরও পুলিশের গ্রেপ্তার অব্যাহত আছে। এতে নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। নির্বাচনী আলাপ-আলোচনা হয় গোপনে। তাঁরা বলেছেন, দলের নজর এখন মূলত গ্রেপ্তার নেতা–কর্মীদের জামিনের দিকে।
জানতে চাইলে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, গত সাত দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কেউ রিমান্ডে, কেউ কারাগারে আছেন। জানুয়ারির আগে তাঁদের জমিন হবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় প্রায় সব নেতার নামেই মামলা আছে। মামলাগুলো হয়েছে ঢাকা-১০ আসনের চার থানা ও আশপাশের তিন থানায়। রাজনৈতিক কর্মসূচির দিন ১০-১৫ মিনিটের ব্যবধানে একেকজনের নামেই ৬-৭টি থানাতে মামলার ঘটনাও ঘটেছে। মামলার কারণে নেতা-কর্মীরা প্রকাশ্যে চলাফেরাও করতে পারছেন না। মামলায় জামিনের জন্য আদালতেই অধিকাংশ সময় ব্যয় করতে হচ্ছে।