পিছু হটার উপায় নেই: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, পিছু হটার উপায় নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নির্বাসিত। সারা দেশ কারাগারে পরিণত হয়েছে। এই কারাগার ভাঙতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করলেন, তিনি একসময় গণতন্ত্র বাদ দিয়ে বাকশাল করলেন। আর যিনি সৈনিক ছিলেন, তিনি গণতন্ত্রকে মুক্ত করলেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেননি। দায়িত্ব নিয়েছিলেন। কোনো পূর্বপরিকল্পনা, অভ্যুত্থান বা ষড়যন্ত্র নয়; সিপাহি-জনতা তাঁকে ক্ষমতার শূন্যস্থানে বসিয়েছে। তিনি বলেন, এখন হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই একমাত্র দায়িত্ব।
বিএনপির ভাঙনের আশঙ্কা নিয়ে একটি পত্রিকার প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য সরকার এ ধরনের প্রতিবেদন করাচ্ছে। তিনি বলেন, সরকারের সঙ্গে সমঝোতা করলে তিনি ২২ মাস কারাগারে থাকতেন না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারুক বা না পারুক, দলকে বাঁচাতে হবে। জিয়াউর রহমান সঠিক দিকনির্দেশনা দিয়ে গেছেন, সে আলোকে সবাইকে সংগঠিত করতে হবে। তিনি বলেন, মানুষ গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা ভালোবাসে। মানুষ তাঁদের অধিকার আদায় করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ প্রমুখ।