লঞ্চ উদ্ধার না হওয়া চরম ব্যর্থতা: সুরঞ্জিত

সম্প্রতি পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’ উদ্ধার না হওয়ার ঘটনাকে চরম ব্যর্থতা বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শুক্রবার দুুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন। আওয়ামী লীগ নেত্রী ও সাংবাদিক বেবী মওদুদ-এর স্মরণে এবং চলমান রাজনীতি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই এ ধরনের লঞ্চডুবির ঘটনা চিরতরে বন্ধ হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পিনাক-৬ ডুবে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। ডুবে যাওয়া লঞ্চের লাশগুলো বিকৃত হয়ে গেছে। তার পরও পদ্মার পাড়ে এখন লাশের জন্য হাহাকার। এত অগ্রসর যুগেও লঞ্চ খুঁজে না পাওয়া চরম ব্যর্থতা।’ তিনি বলেন, যারা লঞ্চ ডোবার জন্য দায়ী, তাদের নামে মেরিটাইম কোর্টে অনেক মামলা রয়েছে। কিন্তু এর একটারও বিচার হয়নি। লঞ্চ ডুববে আর মালিকেরা দায়ী হবে না, এটা হতে পারে না। মেরিটাইম কোর্টে দায়ীদের আড়াল না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
সুরঞ্জিত বলেন, ‘আমরা আর লঞ্চডুবি দেখতে চাই না। পদ্মা, যমুনার পাড়ে হাহাকার দেখতে চাই না। আমরা এর স্থায়ী সমাধান চাই।’ তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ না করবেন, ততক্ষণ এর স্থায়ী সমাধান হবে না।’
তোবা গার্মেন্টস ইস্যু সমাধানে শ্রম প্রতিমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী ও বিজিএমইএ আরও আগেই ব্যবস্থা নিতে পারত বলে মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘তোবা গার্মেন্টস নিয়ে আরও আগেই সচেতন হওয়া উচিত ছিল। এখন আমাদের দেখতে হবে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক আইনজীবী স্টিফেন জে র্যাপের কঠোর সমালোচনা করে আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে, সংগঠনের বিচার করা যাবে না—আপনি এটা কই পাইলেন? যুদ্ধাপরাধীদেরও বিচার হবে, সংগঠনেরও বিচার হবে। এ থেকে শেখ হাসিনা সরকারকে কেউ সরিয়ে নিতে পারবে না। ওই সময় গণহত্যায় জড়িত জামায়াত-শিবিরের বিচার হবে।’
সংগঠনের উপদেষ্টা এ কে এম নাজির মিয়ার সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন প্রমুখ।