পিন্টুর মৃত্যুর জন্য দায়ী প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর অভিযোগ, পিন্টুর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী এবং দোষী। কারণ, প্রধানমন্ত্রীর নির্দেশেই সবকিছু হয়।

গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটি থেকে আগত বৌদ্ধধর্মের অনুসারীরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

খালেদা জিয়া বলেন, ‘পিন্টুকে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। কেন কোর্টের নির্দেশ মানা হয়নি। কার নির্দেশে তাঁকে (পিন্টু) বাইরে নিয়ে যাওয়া হয়েছে। নয়তো ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা না। আমি এমনও খবর শুনেছি, রাজশাহীতেও পিন্টুর জন্য বাইরের ডাক্তার এসেছিল। একজন অসুস্থ মানুষ, ডাক্তার দেখানো হয়নি।’

পুলিশ ও র‍্যাব বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ধরে নিয়ে গেছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘আমাদের নেতা সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। সরকারকে বলব, ভালোয় ভালোয় সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেন। ’

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদকে ‘নির্বোধ লোক’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এই নির্বাচন কমিশন অথর্ব, অকর্মণ্য ও মেরুদণ্ডহীন। বলে কিনা কারচুপি হয়নি।’ তিনি আরও বলেন, ‘খুনের আসামি নাছির জামিন নিতে গেলে, তাঁকে জামিন দেওয়া হয়। কিন্তু আমাদের দলের মির্জা আব্বাসকে জামিন দেওয়া হয় না। বিএনপির জন্য সব আলাদা।’

বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, বিএনপি নেতা মাসুদ তালুকদার, নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, বৌদ্ধদের নেতা সুশীল দেওয়ান, বাতায়ন দেওয়ান, সনৎ তালুকদার, প্রিয়বোধী ভিক্ষু প্রমুখ বক্তব্য দেন।