পিয়াস করিমের মৃত্যুতে শুক্রবার বিএনপির 'শোক দিবস'

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের মৃত্যুতে আগামী বুধবার নয়, শুক্রবার দলীয়ভাবে ‘শোক দিবস’ পালন করবে বিএনপি। আজ মঙ্গলবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপি ওই দিন সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে। এ ছাড়া নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন।
অবশ্য এর আগে আজ সকালে দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বুধবার এই শোক দিবস পালন করা হবে। বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তি পাঠিয়ে বুধবারের পরিবর্তে শুক্রবার শোক পালনের কথা বলা হয়।
এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য পিয়াস করিমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে না দেওয়ার যে ঘোষণা কয়েকটি ছাত্র সংগঠন দিয়েছে, তার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শহীদ মিনার কারও ব্যক্তিগত কিংবা দলীয় সম্পত্তি নয়। পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে না দেওয়ার ঘোষণা কেবল অশোভনীয়ই নয়, বরং শহীদ মিনারের মতো পবিত্র স্থানটিও নিজেদের দখলে নেওয়ার চক্রান্ত। তিনি আগামী শুক্রবার শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য পিয়াস করিমের মরদেহ রাখার ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।