পিরোজপুর জেলা বিএনপির কমিটির প্রতি অনাস্থা
পিরোজপুর জেলা বিএনপির বর্তমান কমিটির প্রতি অনাস্থা জানিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য মেজর (অব.) এম সরোয়ার হোসেন অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি গাজী নূরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দল পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁরা সরকারদলীয় নেতাদের সঙ্গে আঁতাত করে চলছেন এবং দুঃসময়ে দলীয় নেতা-কর্মীদের পাশে থাকেন না। বর্তমান কমিটি ভেঙে দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠন না করলে ভবিষ্যতে পিরোজপুরে কোনো আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে থাকবেন না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সহসভাপতি এম ডি লিয়াকত আলী শেখ, সহসভাপতি আবুল কালাম আকন, সহসভাপতি সাব্বির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের দাবির ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান বলেন, ‘আমরা যখন আবার আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন স্থানীয় আওয়ামী লীগের মদদে বিএনপির একটি অংশ সংবাদ সম্মেলন ডেকে নতুন কমিটির দাবি জানিয়ে দলকে ক্ষতিগ্রস্ত ও সরকারবিরোধী আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ নেতা-কর্মীরা আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।’