পিরোজপুরে বিএনপির বিশেষ সভায় পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে বিএনপির বিশেষ সভায় যোগ দিতে আসা নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে সভা বর্জন করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, যেসব কর্মীর গলায় কার্ড ছিল না, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের দলীয় কার্যালয়ে বিশেষ সভার আয়োজন করে জেলা বিএনপি। সভার শুরুতে বেলা ১১টার দিকে পুলিশ সভায় অংশ নিত আসা নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বনির্ভর সম্পাদক সরদার কামরুজ্জামানসহ অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। এ সময় রিয়াজ সিকদার নামের যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের লাঠিপেটার প্রতিবাদে প্রধান অতিথি বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সভা বর্জনের ঘোষণা দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার দেশটাকে জেলখানা বানিয়ে রেখেছে। আমাদের নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে না। তারা পালিয়ে বেড়াচ্ছে। বর্তমান সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে। দেশের গণতন্ত্র, সংবিধান আজ অবরুদ্ধ। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সামরিক শাসন ছাড়া এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি। আমাদের সভায় যোগ দিতে আসা নেতা-কর্মীরা আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা সভা করতে পারি না। পুলিশের হামলার প্রতিবাদে সভা বর্জন ঘোষণা করা হলো।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ সভায় যোগদানের জন্য নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে। এতে আমি আহত হই।’

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সকাল ১০টায় আসাদুজ্জামান রিপনসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় পাঁচ শতাধিক নেতা-কর্মী জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান পুলিশকে জানিয়েছিলেন, যাঁদের গলায় কার্ড থাকবে, শুধু তাঁরা সভায় অংশ নেবেন। অনেকের গলায় কার্ড না থাকায় পুলিশ তাঁদের চলে যেতে বলে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বলেন, ‘আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম গলায় কার্ডধারীরা সভায় অংশ নেবে। কিন্তু তিনি সাধারণ কর্মীদের সঙ্গে কার্ডধারী নেতাদেরও পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন।’