পিলখানা হত্যাকাণ্ডের দিনকে শোক দিবস ঘোষণার দাবি বিএনপির
পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ‘পিলখানা ট্র্যাজেডি’র রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে দলটি।
গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
রিজভী বলেন, পূর্বপরিকল্পিত পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় অনেকের সাজা হয়েছে। আবার অনেকে অধরা রয়ে গেছেন। এ ঘটনার সঙ্গে ক্ষমতাসীনদের অনেকের জড়িত থাকার কথা শোনা গেলেও সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি এখনো রহস্যের কুয়াশায় ঢাকা।
গতকাল বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, পিলখানা ট্র্যাজেডির স্মরণে ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা উচিত ছিল আরও আগেই। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে নেপথ্য শক্তি হিসেবে কারা কাজ করেছে, তা এখনো উদ্ঘাটিত হয়নি। ফলে মূল পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাঁদের বিচারের আওতায় আনতে হবে।
বিডিআর বিদ্রোহের অষ্টম বার্ষিকী স্মরণে ‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু (প্রয়াত), স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।