পীরগঞ্জে চার ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে বিএনপি ও জাপার কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
তৃতীয় ধাপে ২৩ এপ্রিল এ উপজেলায় নির্বাচন হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদ হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন কাউসার হোসেন। কাউসার খনগাঁও ইউনিয়নের শ্রমিক লীগের সদস্য। পীরগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মোসারফ আলী। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মো. ফজলুল হক।
সেনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজার রহমান নির্বাচন করছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান ও খলিলুর রহমান।
তবে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আখতারুল ইসলাম বলেন, কামরুজ্জামান আওয়ামী লীগের কোনো কমিটিতেই নেই। খলিলুর সেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তবে কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি সেনগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বৈরচুনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জালাল উদ্দীন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই। ভোমরাদহ ইউনিয়নে মো. খলিলুর রহমান, কোষারাণীগঞ্জে গোলাম মোস্তফা, খনগাঁওয়ে মিলন সিংহ রায়, সৈয়দপুরে রণজিৎ রায়, পীরগঞ্জ ইউনিয়নে মোকলেসুর রহমান চৌধুরী, হাজিপুরে মো. আমিনুল ইসলাম, দৌলতপুরে হারুন অর রশীদ, সেনগাঁওয়ে মো. সাইদুর রহমান, জাবরহাটে আবদুস সবীর ও বৈরচুনায় মো. মাজেদুর রহমান বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।