পুঠিয়া আ.লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভায় পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই কমিটির সভাপতি হচ্ছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ। গতকাল শনিবার রাজশাহী নগরের লক্ষ্মীপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এই প্রস্তাব উত্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। সভায় গত এপ্রিল দুর্গাপুরে দলীয় নেতা-কর্মী দ্বারা সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার নিন্দা করা হয়েছে। আবার সভা চলাকালে সাংসদের পক্ষে মানববন্ধনেরও নিন্দা জানানো হয়েছে।
সভায় সাংসদ আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন না। তবে পবা-মোহানপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন, জেলা সহসভাপতি মকবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন, মুস্তাফিজুর রহমান, কামরুজ্জামান বক্তব্য দেন।
জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, দুর্গাপুরে সাংসদ আবদুল ওয়াদুদের গাড়ি ভাঙচুরের ঘটনার জন্য সভায় নিন্দা জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করার জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন খানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। একই সময় একই বিষয়ে মানববন্ধন করে উল্টো সরকারকে বিব্রত করা হয়েছে। তিনি বলেন, সাংসদ আবদুল ওয়াদুদের ইন্ধনেই এই মানববন্ধন ডাকা হয়েছে। এ বিষয়েও তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গত উপজেলা নির্বাচনের সময় পুঠিয়া উপজেলা কমিটি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত প্রার্থীর বিপক্ষে কাজ করেছে। পৌরসভা নির্বাচনের সময় বেশির ভাগ নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাদের আরও অনেক অনিয়ম রয়েছে। এগুলো আগামী সভায় উপস্থাপন করা হবে।
জানতে চাইলে আবদুল ওয়াদুদ বলেন, তিনি ঢাকায় থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে লোকমুখে কমিটি ভাঙার প্রস্তাব করার বিষয়টি শুনেছেন। শোনা কথার ওপরে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। তবে মানববন্ধন করার ব্যাপারে তিনি বলেছেন, ছাত্রলীগের কিছু উৎসাহী ছেলেরা এই কাজটি করেছেন। তিনি শোনার পরে তাঁদের বকা দিয়েছেন।