পুঠিয়া আ. লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভায়। আজ শনিবার অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এই প্রস্তাব উত্থাপন করেন। 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গত উপজেলা নির্বাচনের সময় পুঠিয়া উপজেলা কমিটি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত প্রার্থীর বিপক্ষে কাজ করেছে। পৌরসভা নির্বাচনের সময় বেশির ভাগ নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে। তাদের আরও অনেক অনিয়ম রয়েছে। এগুলো আগামী সভায় উপস্থাপন করা হবে।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ। আজকের সভায় গত ২ এপ্রিল দুর্গাপুরে দলীয় নেতা-কর্মী দ্বারা এই সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনার জন্যও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং হামলার নিন্দা করা হয়েছে। আবার সভা চলাকালে সাংসদের পক্ষে মানববন্ধনেরও নিন্দা জানানো হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের লক্ষ্মীপুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
সভায় প্রথমত গত ২ এপ্রিল রাজশাহীর দুর্গাপুরে জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠানে সাংসদ আবদুল ওয়াদুদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা জানানো হয়। অপরদিকে ওই সংঘর্ষের সময় সাংসদের পক্ষের লোকজন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদের ওপর যে হামলা করে তারও নিন্দা জানানো হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের সভা চলাকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় সাংসদ আবদুল ওয়াদুদের ওপরে হামলার প্রতিবাদ জানিয়ে তার অনুসারীরা একটি মানববন্ধন করে। তারা হামলাকারীদের বিচার দাবি করে। দলীয় সভা চলাকালে মানববন্ধন করে সরকারকে বিব্রত করা হয়েছে বলে জেলা কমিটির সভায় তারও নিন্দা জানানো হয় এবং মানববন্ধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সভায় সাংসদ আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন না। তবে পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, দুর্গাপুরে সাংসদ আবদুল ওয়াদুদের গাড়ি ভাঙচুরের ঘটনায় সভায় নিন্দা জানানো হয়েছে। ঘটনা তদন্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন খানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, সাংসদ ওয়াদুদের ইন্ধনেই এই মানববন্ধন ডাকা হয়েছে। এ বিষয়েও তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল ওয়াদুদ বলেন, তিনি ঢাকায় থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে লোকমুখে কমিটি ভাঙার প্রস্তাব করার বিষয়টি শুনেছেন। শোনা কথার ওপরে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের কিছু উৎসাহী ছেলেরা এই কাজটি করেছেন। তিনি শোনার পরে তাদের বকা দিয়েছেন।