পুনর্গঠন সভায়ও বিভক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রের নির্দেশে রাজশাহী জেলা বিএনপির ইউনিয়ন ও থানা কমিটি গঠনের জন্য গতকাল বৃহস্পতিবার একটি সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ছিলেন না।
একই উদ্দেশ্যে পাল্টা আরেকটি প্রস্তুতি সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নাদিম মোস্তফা প্রধান অতিথি থাকবেন বলে চিঠি বিলি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী জেলার সব ইউনিয়ন, থানা ও পৌরসভা কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে হবে। এ জন্য গতকাল বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভা আহ্বান করে দেওয়া চিঠিতে জেলা বিএনপির সহসভাপতি দোলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল মনির স্বাক্ষর করেছেন। সাধারণত এ ধরনের চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করার কথা।
অপর দিকে আজ শুক্রবার অনুষ্ঠেয় সভা আহ্বান করে যে চিঠি বিলি করা হয়েছে, তাতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির আরেক সহসভাপতি মাইনুল আহসান ও যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ। এতে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক কামরুল মনির সভাপতিত্ব করবেন বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবদুস সাত্তার, আবদুল গফুর ও জাহান পান্না, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, চারঘাট থানা বিএনপির সভাপতি ও জেলা কিমিটির সহসভাপতি আবু সাঈদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, গোদাগাড়ী থানা কমিটির সভাপতি ইসাহক আলী, বাঘা থানা কমিটির সভাপতি নূরুজ্জামান মানিক, বাগমারা থানা কমিটির সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমান প্রমুখ।
এ সভায় সিদ্ধান্ত হয় কোন থানার কোন ইউনিয়নে কোন দিন কমিটি গঠন করা হবে; জেলা থেকে প্রতিনিধি হিসেবে কোন থানায় কোন নেতা থাকবেন; কীভাবে কাজটি করা হবে ইত্যাদি।
সভায় কোনো প্রধান অতিথি ছিলেন না। কামরুল মনির শেষ বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন। পবা ও মোহনপুর থানার কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সাংসদ কবির হোসেনকে, বাগমারা উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সাংসদ আবদুল গফুরকে, তানোর-গোদাগাড়ীর দায়িত্ব সাবেক সাংসদ ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বাঘা ও চারঘাট উপজেলার দায়িত্ব সাবেক সাংসদ আজিজুর রহমান এবং পুঠিয়া-দুর্গাপুরের দায়িত্ব দেওয়া হয়েছে নাদিম মোস্তফা, আবদুস সাত্তার মণ্ডল, নজরুল ইসলাম ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে।
এ ব্যাপারে মুঠোফোনে পাঁচ-ছয়বার যোগাযোগ করা হলেও জেলা কমিটির সভাপতি নাদিম মোস্তফা ফোন ধরেননি। তবে নাদিম মোস্তফার পক্ষে দাওয়াতপত্রে স্বাক্ষর করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। একই উদ্দেশ্যে দুটি সভা করার ব্যাপারে তিনি বলেন, একটি সভা সাধারণ সম্পাদক গ্রুপের, অপরটি সভাপতি গ্রুপের। এতে করে মাঠ পর্যায়ে প্রতিটি ইউনিটে দুটি করে কমিটি হতে যাচ্ছে। তবে কেন্দ্র থেকে জেলা কমিটি হয়তো ঠিক করে দেবে।
মুঠোফোনে ছয়-সাতবার যোগাযোগের চেষ্টা করে জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল মনিরের ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর পক্ষে জেলা কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, নাদিম মোস্তফা দলের সাধারণ সম্পাদক কামরুল মনিরের সঙ্গে কোনো আলোচনা করে সিদ্ধান্ত নেননি। এ জন্য নাদিম মোস্তফার সভায় কামরুল মনিরের যাওয়ার প্রশ্নই ওঠে না। জেলা কমিটির সভাপতি হিসেবে নাদিম মোস্তফার নাম দাওয়াতপত্রে রাখেননি কেন জানতে চাইলে তিনি বলেন, তাঁর স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই তৃণমূলের নেতা-কর্মীদের এই সভা হচ্ছে। এ জন্যই তাঁকে দাওয়াত দেওয়া হয়নি।