পুনর্নির্বাচন দাবি আ.লীগের পরাজিত প্রার্থীর
৪ জুন অনুষ্ঠেয় নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ নম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শওকত রানার (ঘোড়া প্রতীক) বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে তিনি ওই অভিযোগ করেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মোল্লা সভাপতিত্ব করেন।
আইয়ুব আলী অভিযোগ করেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে রাজনীতি করেন। এ কারণে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ কারণে সাংসদ আবদুল কুদ্দুস স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শওকত রানার পক্ষ নেন। তাঁকে বিজয়ী করতে সাংসদ প্রশাসনকে ব্যবহার করে ভোটকেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করে ওই প্রার্থীর বিজয় নিশ্চিত করেন।
এ ব্যাপারে সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘পরাজিত প্রার্থী আয়ুব আলীর এলাকায় জনপ্রিয়তা ছিল না। এ কারণে নৌকার প্রার্থী হয়েও তিনি নির্বাচনে তৃতীয় হন। ভোটে হেরে গিয়ে এখন আমাকে দুষছেন।’