আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবে আওয়ামী লীগ। এটা দলের প্রধান শেখ হাসিনার নির্দেশ।
গতকাল শনিবার বেলা ১১টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের সময় আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে ১০ কেজি করে চাল এবং দুই শ পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
ওবায়দুল কাদের আরও বলেন, দুর্যোগের সময় বিএনপিকে মাঠে পাওয়া যায় না। তাঁরা ঢাকায় বসে শুধু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফটোসেশন করে মিথ্যাচার করে। জনগণের বিপদের দিনে যে দল পাশে থাকে না, আগামী নির্বাচনে তাঁদের ভোট দেবেন না।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।
ঘুমধুমে বীর বাহাদুরের ত্রাণ বিতরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গত শুক্রবার মোরায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
এ সময় বীর বাহাদুর বলেন, ঘরবাড়ি হারানো লোকজনকে নিরাশ হতে হবে না। তাদের সব রকম সহায়তা দেওয়া হবে। কাউকে না খেয়ে থাকতে হবে না। আপনারা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।