জাতিসংঘের পরিবেশবিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুন্দরবন এলাকার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থগিত ঘোষণার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
গতকাল মঙ্গলবার মোর্চার এক সভায় নেতারা এই আহ্বান জানান। তাঁরা বলেন, বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন বিপন্নকারী প্রকল্প অব্যাহত রেখে পরিবেশ রক্ষার জন্য পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের জন্য বিব্রতকর হতে পারে।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, হামিদুল হক, আবদুস সাত্তার প্রমুখ। তাঁরা আগামী ১৬-১৮ অক্টোবর সুন্দরবন রক্ষায় ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে বাম মোর্চার রোডমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।