পুরো অনুষ্ঠানেই তিনি ঘুমিয়ে থাকলেন
যখন সভাস্থলে পৌঁছালেন তখন ঘড়িতে ৪-৫০। বিপুল করতালি আর হর্ষধ্বনিতে তাঁকে অভিভাবদন জানালেন দর্শক-শ্রোতারা। তিনি এরপর চেয়ারে বসলেন। হাই তুললেন। একপর্যায়ে ঘুমিয়ে গেলেন।
একদিকে বক্তারা বক্তব্য দিচ্ছিলেন। অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ঘুম। এ ঘটনা গতকাল সোমবারের ধানমন্ডি ৩২ নম্বরের।
অনুষ্ঠানের আয়োজক সৈনিক লীগের এক কর্মী পাঁচটা ২০ মিনিটে কয়েকবার স্যার স্যার বলে তাঁর ঘুম ভাঙান। তখন তিনি পানি ও চা পান করলেন। তারপর আবার দেখা গেল তিনি চোখ বুজে আছেন।
অনুষ্ঠানে অনেক বক্তা তাঁকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেন। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল তাঁকে দীর্ঘক্ষণ প্রশংসা করে বক্তব্য দেন। কিন্তু মন্ত্রী একবারও চোখ খোলেননি। ছয়টা ২০ মিনিটে তাঁর নাম মাইকে বলার পর দ্রুত তাঁর সহকারী একান্ত সচিব তাঁকে তুলে দেন। এরপর তিনি বক্তব্য দেন। এর আগেও গত ২৩ জুলাই রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে একটি পরিচিতি সভা অনুষ্ঠানে অধিকাংশ সময় ঘুমিয়ে কাটান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ।