পুরোনো কমিটি পুনর্বহাল নিয়ে আলোচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন ও নির্বাচন এই দুটি বিষয়কে বিবেচনায় রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কাউন্সিলরদের ভোটে না সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি হবে এই নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। পুরোনো কমিটি পুনর্বহাল করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে। গত সোমবার ঢাকায় দলের এক ভাইস চেয়ারম্যানের বাসায় দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কয়েকজন কেন্দ্রীয় নেতা।

দলীয় সূত্র জানায়, ২০১১ সালের এপ্রিলে ১৫১ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও আগামী এপ্রিলে এই কমিটির মেয়াদ ছয় বছর পূর্ণ হবে। তাই কেন্দ্রের চাপের কারণে দক্ষিণ জেলার নেতারা বৈঠক করেছেন। বৈঠকে কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল উপস্থিত ছিলেন।

কমিটি গঠনের বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ জেলার
নতুন কমিটি গঠনপ্রক্রিয়া শুরু হয়েছে। আরও বৈঠক হতে পারে। কমিটি গঠনের ব্যাপারে ম্যাডাম (খালেদা জিয়া) চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

বৈঠক সূত্র জানায়, কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে জাফরুল ইসলামের সঙ্গে একমত হতে পারেননি গাজী শাহজাহান জুয়েল। বৈঠকে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামও উপস্থিত ছিলেন।

গাজী শাহজাহান জুয়েল বলেন, ‘আমরা কি নতুন কমিটি করব, নাকি বর্তমান কমিটি বহাল রাখা হবে কিংবা পুনর্গঠন করা হবে, এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সবাই মিলে যৌক্তিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার চেষ্টা করেছি।’

নাম না প্রকাশের শর্তে দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, কমিটির শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের কারণে দলে অনৈক্য বেড়েছে। সাংগঠনিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জাফরুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি অনেক বড় দল। কেউ কেউ ভিন্ন মত দিতেই পারেন। কিন্তু যেখানে ঐকমত্য হবে না সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন চেয়ারপারসন। চেয়ারপারসনের সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য।’

 চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

দক্ষিণ জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলেও উত্তর জেলার কমিটি গঠন নিয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানান কমিটির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান। তিনি বলেন, সংগঠনের গতি ফেরাতে নতুন কমিটি গঠন অপরিহার্য। প্রায় তিন বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে উত্তর জেলা বিএনপি।

২০১৪ সালের ২৬ এপ্রিল গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়। আগের কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে নতুন কমিটির আহ্বায়ক করা হয়। সদস্যসচিব করা হয় কাজী আবদুল্লাহ আল হাছানকে। যিনি সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। পরে বিভিন্ন উপজেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর গত বছরের ১৫ মে ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে। এর এক মাস আগে দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি।

উত্তর জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, আহ্বায়ক কমিটির মধ্যে দুটি ধারা স্পষ্ট। এক পক্ষ আহ্বায়ককে ঘিরে অন্য পক্ষ সদস্যসচিবকে ঘিরে সাংগঠনিক কাজ পরিচালনা করত। আহ্বায়ক গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর কমিটির কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।