চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরীর মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবার সামনে চলে এসেছে। রাউজান উপজেলা বিএনপির পাল্টাপাল্টি দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব জেগে ওঠে। গত শুক্রবার বিকেলে রাউজান উপজেলা ও পৌর বিএনপির একাংশের যৌথ সভায় সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আবার দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।
দলীয় সূত্র জানায়, রাউজানে বিএনপির একটি কমিটি গত ২৬ আগস্ট অনুমোদন দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। আগের দিন ২৫ আগস্ট অন্যটির অনুমোদন দেন সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান। হাছান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।
গত শুক্রবার আসলাম চৌধুরীর অনুমোদিত কমিটির নেতারা নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যৌথ সভা ডাকলে প্রতিপক্ষের হামলায় নয়জন আহত হন। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে স্লোগান দিয়ে নিরাপদে সরে যান।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমার বাড়িতে আগুন দিয়ে কেউ আমার পক্ষে স্লোগান দিলে কী করার আছে? আমার পক্ষে যাঁরা স্লোগান দেবেন, তাঁরা কী আমার বাড়িতে আগুন দিতে পারেন?’ তাহলে কারা হামলা চালিয়েছেন—এই প্রশ্নের জবাবে গিয়াসউদ্দিন কাদের বলেন, ‘শুক্রবারের ঘটনায় যাঁরা পিটুনি খেয়েছেন এবং যাঁরা পিটিয়েছেন, কেবল তাঁরাই তা বলতে পারেন। আমি কিছুই জানি না।’
গিয়াসউদ্দিন কাদেরের আস্থাভাজন উত্তর জেলার সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান মনে করেন, শুক্রবার আসলাম চৌধুরীর অনুসারীদের অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমরা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন, নাকি নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ নিয়ে ব্যস্ত থাকব? আসলে আসলাম চৌধুরী কী চান আমি জানি না। আমারও বাড়ি রাউজানে। সেখানে কমিটি গঠনের ব্যাপারে তিনি আমার মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের অনুসারীদের নিয়ে পাল্টা কমিটির অনুমোদন দেন।’
রাউজানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাড়ি। দলীয় সূত্র জানায়, গিয়াসউদ্দিন কাদেরের ইশারায় রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির বিএনপির রাজনীতি নিয়ন্ত্রিত হয়। নিজেদের স্থায়ী আবাসে ভিন্ন মতের কাউকে নেতা মানতে রাজি নন তাঁদের অনুসারীরা।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ‘সদস্যসচিব কাজী হাছানের মতামত নিয়ে রাউজান পৌর কমিটি ঘোষণা করা হয়। পৌর কমিটির একই ব্যক্তিদের উপজেলা কমিটিতে রাখার যৌক্তিকতা নেই বলে আন্দোলন-সংগ্রামে অবদান আছে এমন ব্যক্তিদের নিয়ে রাউজান বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করি। হাছান সাহেব আলাদা কমিটি করলে সেটার কোনো বৈধতা নেই।’
শুক্রবারের ঘটনার জন্য আসলাম চৌধুরী আওয়ামী লীগের এজেন্টদের দায়ী করে বলেন, ‘দুষ্কৃতকারীরা বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছে। আমাদের নেতাদের বেদম পিটিয়েছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৬ এপ্রিল গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেন। নতুন কমিটির আহ্বায়ক করা হয় আসলাম চৌধুরীকে। এরপর উত্তর জেলার সাতটি উপজেলা এবং বিভিন্ন পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটিগুলোও ভেঙে দেওয়া হয়। আবার নতুন করে আহ্বায়ক কমিটি গঠন হয়।