জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মনে করেন, সৈয়দ আশরাফের বক্তব্যে সত্যতা রয়েছে। তবে এই সময় এভাবে কথাটা বলা উচিত হয়নি। কারণ, সব জেনেই জাসদের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়েছে এবং একজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ মহলও জোটের একটি শরিককে নিয়ে এভাবে খোলামেলা বক্তব্যে কিছুটা নাখোশ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাতজন দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে এই মনোভাব জানা গেছে। নেতারা বলেন, গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর আগে জটলা বেঁধে আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদেরা জাসদ নিয়ে সৈয়দ আশরাফের করা মন্তব্য নিয়ে আলোচনা করেন। তাঁরা একে অপরের কাছে জানতে চেয়েছেন, এটা কী সৈয়দ আশরাফের ব্যক্তিগত মতামত না দলীয় অবস্থান। সৈয়দ আশরাফের বক্তব্য নিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কী, সেটাও জানতে চেয়েছেন অনেকে। একপর্যায়ে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে যোগ দিতে আসেন। তখন দলের নেতাদের একটি অংশ তাঁর আসনের কাছে গিয়ে অন্য কথার ফাঁকে জাসদের বিষয়টিও তোলেন। তখন প্রধানমন্ত্রী আশরাফের বক্তব্যে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের দুজন সভাপতিমণ্ডলীর সদস্য ও দুজন সাংসদ নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, দলীয় প্রধানের মনোভাব দেখে মনে হয়েছে সৈয়দ আশরাফের বক্তব্য তাঁর ব্যক্তিগত। তবে বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে বলে তাঁরা মনে করেন।
গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেখানেও প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগে দলের নেতারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। কিন্তু প্রধানমন্ত্রী বৈঠক শুরু করার পর আর বিষয়টি তোলেননি তাঁরা।
গতকাল দুপুরে সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ জাসদের সমালোচনা করে বক্তৃতা করেন। এর আগে সকালে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে আশরাফের বক্তব্যের কড়া সমালোচনা করে। শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদও মনে করে আশরাফের বক্তব্য ঢালাও হয়ে গেছে। অন্যদিকে ১৪ দলের অন্য শরিকেরা বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে না। তবে তারা নতুন করে বিতর্ক ছড়াক সেটাও চায় না।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক ও বাহকের শতভাগ ভণ্ড। সরকারে জাসদের একজনকে মন্ত্রী করার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। জাসদ বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে গতকাল রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, সৈয়দ আশরাফের বক্তব্য নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে জাসদ বা ১৪-দলীয় জোট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। বরং জাসদের যে ভাঙন হয়েছে, তা ভুলে দুই পক্ষ একসঙ্গে কাজ করুক সেটা চান তিনি।
গত বছর আগস্ট মাসে শোক দিবসের এক সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছিলেন, জাসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পথ প্রশস্ত করেছিল। এর পরের দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও একই বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দেন। তখন আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে এ বিষয়ে আর বক্তব্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যায়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাসদ নিয়ে তাঁর দল বা সরকারের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের সাধারণ সম্পাদকের এটি ব্যক্তিগত মতামত। তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।’
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সৈয়দ আশরাফ ‘ফাও’ কথা বলেন না। তাই জাসদ নিয়ে তাঁর দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ। আর তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সত্য বলে মনে করেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা।
জাসদের (ইনু) অবস্থান: জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল ঝিনাইদহে ছিলেন। সেখানে সৈয়দ আশরাফের মন্তব্যের ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘দেশে এখন সাধারণ নাগরিকের ওপর আক্রমণ হচ্ছে। ১৪ দলের অভ্যন্তরে কোনো দলাদলি, কাদা-ছোড়াছুড়ির সময় না। এই মুহূর্তটি হচ্ছে ঐক্য রক্ষার সময়।’
মন্ত্রী আরও বলেন, ‘১৯৭২-৭৫ সালের ঘটনাটি ইতিহাসের পাতায় চলে গেছে। এটা ইতিহাসচর্চার সময় না। পঁচাত্তরের পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করেই জাসদ-আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভিত্তিতেই ১৪ দল গড়ে উঠেছে। এই ঐক্য দেশের জন্য মঙ্গলজনক; যা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং কাদা-ছোড়াছুড়ি বন্ধ করুন।’
জাসদের নেতারা জানিয়েছেন, দলের সভাপতি ঢাকায় ফিরলে দলীয় বৈঠক ডাকা হবে। গতকাল সকালে হাসানুল হক ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে জাসদের এই অংশ। দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিতে তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন, তখন এই ধরনের কাদা-ছোড়াছুড়ি আমাদের ঐক্য বিনষ্ট করবে; মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করবে।’
ওই সমাবেশে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলছি, আপনি থামান, আপনার এই মন্ত্রীকে থামান। এই সংকটে তিনি যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, যে অনৈক্যের সৃষ্টি করছেন, অবিলম্বে তাঁর মুখ বন্ধ করুন। আর সৈয়দ আশরাফকে বলব, আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দিন। আপনি কীভাবে মন্ত্রিত্ব চালান আমরা জানি, দেশবাসী জানে।’ শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে হবে, ঐক্য চান কি চান না। ১৪ দলের ঐক্য থাকবে কি থাকবে না? একদিকে আমাদের সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতার নামে বিষোদ্গার করবেন, আর অন্যদিকে জঙ্গি ঠেকাবেন, এটা হতে পারে না।’
জাসদের (আম্বিয়া) বিবৃতি: জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গতকাল এক বিবৃতিতে বলেন, সৈয়দ আশরাফ জাসদ গঠন এবং তখন জাসদের ভূমিকা নিয়ে ঢালাও বক্তব্য দিয়ে যে বিতর্ক পুনরুজ্জীবিত করেছেন, তা অসময়োচিত এবং প্রকৃত সত্যকে আড়াল করার শামিল। খোন্দকার মোশতাকের নেতৃত্বে এবং কোনো কোনো আওয়ামী নেতাদের মদদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল, তা নতুন করে জনগণকে জানানোর কিছু নেই।
জেএসডির প্রতিক্রিয়া: আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আরেক বিবৃতিতে বলেছে, ‘সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য-অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী।’
শরিক ও অন্যদের মনোভাব: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জাসদের মতপার্থক্য থাকতে পারে, আমাদেরও আছে। মতপার্থক্য মেনে নিয়েই জোট করা হয়েছে। যখন গুপ্তহত্যা চলছে, জঙ্গিবাদের তৎপরতা চলছে, সেই সময় ঐক্য আরও বাড়া দরকার। সৈয়দ আশরাফের এই সময় জাসদের বিরুদ্ধে বক্তব্য রাখার কোনো যৌক্তিকতা নেই, এটা সময়োচিত হয়নি।’
সরকারের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ কাজী ফিরোজ রশীদ জাসদ নিয়ে গতকাল সংসদে বলেন, অবস্থা দেখে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনকার গুপ্তহত্যাকারীদেরও ভবিষ্যতে সংসদে নিয়ে আসতে পারেন। তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে হজম করে...জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, ভবিষ্যতে...এখন যারা গুপ্তহত্যা করছে, তাদেরও উনি সংসদে নিয়ে আসবেন।’