পুরোহিত হত্যার দায় সরকার এড়াতে পারে না: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মঠের প্রধান পুরোহিত হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, কোনো ধর্মগুরুকে হত্যার মতো ঘৃণ্য অপকর্ম বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই। কোন কুচক্রী গোষ্ঠীর মদদে বিপথগামী এ ধরনের কাজগুলো করছে। সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারে না।

আজ সোমবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ের সবচেয়ে লোমহর্ষক ঘটনা ঘটানো হয়েছে পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা করার মাধ্যমে। যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা সভ্যতা, সংস্কৃতি ও মানবতার শত্রু। গহিন অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়াই এদের চূড়ান্ত লক্ষ্য।
মির্জা ফখরুল দাবি করেন, সরকার জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের অধিকার হরণ ও তাদের দলন-পীড়নে ব্যস্ত। এ কারণে চরমপন্থী শক্তিগুলো কোথায় আস্তানা গাড়ছে তা চিহ্নিত করতে পারছে না। বরং সরকার উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়ে বিরোধী দলের ওপর তা চাপানোর অপচেষ্টা করেছে বারবার। ইতিপূর্বে বিদেশি নাগরিকদের হত্যা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা, ব্লগার, প্রকাশক হত্যাকাণ্ডসহ কোন হত্যাকাণ্ডকেই এখন পর্যন্ত সুরাহা করতে পারেনি সরকার।
বিবৃতিতে বলা হয়, জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারীসহ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বারবার যারা দায় স্বীকার করেছে তাদের বার্তার কথা উল্লেখ করলেও সরকার এই খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।