পুরোনো কায়দায় আ.লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) জাতির আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। এর মাধ্যমে কমিশন পুরোনো কায়দায় আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা বাস্তবায়নের যাত্রা শুরু করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ১৬ জুলাই একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করে। এর দুই দিন পর বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল।

‘বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব’—প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা বলে সিইসি জনগণকে আরও হতাশ করেছেন। তাঁর বক্তব্য সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিফলন। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেশের সবাই বিশ্বাস করে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘জাতির প্রত্যাশা ছিল নির্বাচন কমিশন সব ভয়ভীতি ও প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। সেই লক্ষ্যেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি (সিইসি) যে দায়িত্বহীন
উক্তি করেছেন, এতে জাতির সেই আশাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘যেনতেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো নির্বাচন কমিশনের দায়িত্ব না। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে আনতে হবে, সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেই লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য রোডম্যাপ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে, সেই ইচ্ছা তাদের নেই।’

 বর্তমান নির্বাচন কমিশন আরেকটি ‘রকিবমার্কা’ কমিশনে পরিণত হতে চলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে না, তা স্পষ্ট হয়ে গেছে।

ইসির সংলাপে বিএনপি সাড়া দেবে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সংলাপে সাড়া দেওয়া অনেক পরের কথা। বিএনপির প্রত্যাশা, নির্বাচন কমিশন বাস্তবতা উপলব্ধি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নেবেন।

ক্ষমতাসীনেরা বলছে, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়—এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এটি রাজনৈতিক ইস্যু। এখানে সংবিধানের কথা বলে লাভ নেই। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। তাই রোডম্যাপের আগে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে, আগে এটার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে সংবিধানের দোহাই দেওয়ার সুযোগ নেই।’

আরেক প্রশ্নের জবাবে দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনকালীন সরকারের ব্যবস্থাকে নির্বাচন কমিশন সম্পূর্ণ এড়িয়ে গেছেন। নির্বাচনকালে যদি দলীয় সরকার থাকে, তাহলে ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন কমিশন সহায়ক সরকারের ব্যবস্থা না করে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, আমরা মনে করি এতে ষড়যন্ত্র আছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।