পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। চাঁদা না পেয়ে চা-বিক্রেতা বাবুল মাতবরকে কেরোসিনের চুলার আগুন দিয়ে নির্দয়ভাবে হত্যার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বাবুল মাতবর হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশবাসী আজ আওয়ামী দুঃশাসকদের নির্মম, পৈশাচিক ও দুর্ধর্ষ সব সন্ত্রাসী তাণ্ডব দেখে আতঙ্কিত। পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। দুষ্টের দমন ও শিষ্টের পালন পুলিশের কর্তব্য। কিন্তু পুলিশই এখন চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুষ্টদের উৎসাহিত করছে।’