পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ

দুপুর ১২টার দিকে বিএনপির চার নেতা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। সেখাস থেকে বেরিয়ে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মিসভা করতে গিয়ে যেন পুলিশি হয়রানির শিকার হতে না হয়, সেই অনুরোধ নিয়ে আজ মঙ্গলবার বিএনপির নেতারা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। সেই প্রতিশ্রুতিও তাঁরা পেয়েছেন বলে জানান।

দুপুর ১২টার দিকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও উত্তরের সদস্যসচিব আমিনুল ইসলাম ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান। ঘণ্টা দেড়েক পর বাইরে বেরিয়ে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির নেতারা জানান, ঢাকা মহানগর কমিশনার সবারই পুলিশ কমিশনার। তাই সরকারি দল সভা–সমাবেশ করার ক্ষেত্রে যে অধিকার ভোগ করছে, তাঁদেরও সেই অধিকার দেওয়া উচিত। তাঁরা জানান, ডিএমপি কমিশনার বলেছেন তিনি বিষয়গুলো বিবেচনা করবেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘গুম হওয়া সুমনদের বাড়িতে আমরা ওর অসুস্থ আম্মাকে দেখতে গিয়েছিলাম। মিলাদ মাহফিল ছিল। সেখান থেকেও আমাদের নেতা–কর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ। সুমনের আম্মা আখতারুজ্জামানকে ধরে রেখেছিলেন।

তাঁকেও ছিনিয়ে নিয়ে গেছে।’ আমান আরও জানান, তাঁরা থানায় অবহিত করে কর্মসূচি দেওয়ার পরও নেতা–কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মিসভাগুলো যেন নির্বিঘ্নে করতে পারেন সে কথা জানাতে তাঁরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন।
সভা–সমাবেশে কী ধরনের বাধা দেওয়া হচ্ছে, এমন উদাহরণ দিতে গিয়ে আবদুস সালাম জানান, দক্ষিণে নয়াবাজারে বিএনপির নিজস্ব কার্যালয় আছে। ওই কার্যালয়ে অনুষ্ঠান ছিল। আগে থেকে পুলিশকে জানানো হয়েছিল। তারপরও পুলিশ অনুষ্ঠান করতে দেয়নি। তিনি বলেন, ‘ভাবেন, আমি আমার বাড়িতে প্রোগ্রাম করতে পারব না।’
বিএনপির নেতারা জানান, ৭ নভেম্বর তাঁদের আলোচনা অনুষ্ঠান রয়েছে। তা ছাড়া বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে উত্তর ও দক্ষিণ বিএনপি একত্র হতে চায়। সে বিষয়েও আজ পুলিশ কমিশনারকে তাঁরা জানিয়েছেন।