নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলা সদরের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির সাত নেতা-কর্মীকে আটক করেছে। আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন দুর্গাপুর কলমাকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুর্গাপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম ও কবীর হোসেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে দুর্গাপুর পৌর শহরের কাচারি মোড় এলাকায় একটি মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠান উদ্বোধন করেন। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ-সমর্থক একটি পক্ষ মিছিল নিয়ে ওই স্থানে এসে বিএনপির সমর্থকদের ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে।
বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের সমর্থক পক্ষটি থানা মোড় এলাকায় আবার বিএনপির সমর্থকদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পর বিএনপির বেশ কিছু নেতা-কর্মী বাগিচাপাড়ায় একত্র হয়ে আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়া দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এএসপি শাহ শিবলী সাদিক, এসআই রফিকুল ইসলাম ও কবীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুবলীগের নেতা রমজান আলী, আলম মিয়া, লেলিন, মামুন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির নেতা মঞ্জুরুল হক, যুবদলের নেতা ইউসুফ মাহমুদসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আটক সাতজন হলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, বিএনপির সমর্থক তারা মিয়া, হাবিব মিয়া, রতন মিয়া, রাসেল মিয়া, ফরিদ মিয়া ও সোহাগ মিয়া। সংঘর্ষ থামাতে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ উপজেলা বিএনপির সভাপতিসহ সাতজনকে আটক করেছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের লোকজন আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এখন পুলিশ দিয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ তৃণমূল পর্যায় থেকেই বোঝা যায় এ সরকার কীভাবে বিএনপির ওপর শোষণ-নির্যাতন চালাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তভাবেই মিছিল করছিলেন। বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছেন। এতে পুলিশসহ আমাদের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন