পুলিশ প্রশাসনে গণবদলির হুমকি সাংসদ বাবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যুবলীগ কর্মী আমজাদ হোসেন মোল্লা হত্যা মামলার আসামিদের দুই দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু। অন্যথায় থানার কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের গণবদলি করার হুমকি দিয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বাবু এ বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নজরুল ইসলাম। আরও বক্তৃতা করেন সাতগ্রাম ইউপির চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান রোমান প্রমুখ।
সমাবেশে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, যুবলীগকর্মী আমজাদ হোসেন হত্যার ঘটনার পর আট দিন পেরিয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলার আসামিদের আগামী মঙ্গলবারের মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এ দুই দিনের ভেতর আসামিরা গ্রেপ্তার না হলে থানার ওসিসহ পুলিশ প্রশাসনে গণবদলি করা হবে।
সমাবেশ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলে যুবলীগকর্মী আমজাদ হত্যা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, মামলা হওয়ার পর থেকে এ পর্যন্ত এজাহারভুক্ত একজন ও সন্দেহভাজন একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩০ নভেম্বর আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজারে যুবলীগকর্মী আমজাদ হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।