পুলিশকে আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চরম বিপদের সময় মানুষ সাহায্য পেতে পুলিশের কাছে যায়। আইনি সেবা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যুগোপযোগী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা। এ জন্য আমরা বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করা হয়েছে। এরপরও জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই পুলিশে আরও নতুন ৫০ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ হয়েছে। অবশিষ্ট জনবল শিগগিরই নিয়োগ করা হবে।’
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা বরাবরই তাদের জঙ্গি ও নাশকতামূলক কাজে পুলিশকে টার্গেট করেছে। কারণ একটাই, পুলিশকে দুর্বল করতে পারলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। বারবার আঘাত আসার পরও পুলিশ সাহসের সঙ্গে এই নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি, জাতীয় চার নেতার খুনি ও একাত্তরের ঘাতকদের বিচারের মাধ্যমে এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে সোপান আমরা রচনা করেছি, তাতে পুলিশ বাহিনীর অবদান অনস্বীকার্য।’
শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দুই মেয়াদে তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে তাঁর সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। মাথাপিছু আয় এখন এক হাজার ৩১৪ ডলার। দারিদ্র্যের হার ২২ দশমিক চার শতাংশে নেমে এসেছে। রপ্তানি আয় বেড়ে হয়েছে ৩১ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার। পাঁচ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্য আয়ের স্তরে উন্নীত হয়েছে। সাড়ে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে। শিক্ষার হার ও মান বেড়েছে। দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আমাদের লক্ষ্য ২০২১ সালের আগেই দেশ মাধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা।’
সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে সারদার পুলিশ একাডেমিতে আসেন শেখ হাসিনা। এরপর নবনির্মিত অতিথি ভবন উদ্বোধন করেন। প্যারেড গ্রাউন্ডে নবনির্মিত গ্যালারিরও উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন, ট্রফি বিতরণ ও ভাষণ দেন।
৩৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের এক বছরের প্রশিক্ষণ আজ শেষ হলো। সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ১৬১ জন নবীন পুলিশ কর্মকর্তা। কৃতিত্বের জন্য তিনজনকে পদক দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রমুখ।