ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় গত শনিবারের সংঘর্ষে আহত লোকজনের মধ্যে পুলিশের সাত সদস্যসহ ১৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বাগমারায় পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসউদ আলী মামলাটি করেন।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগমারায় শনিবারের সংঘর্ষে পুলিশের আহত সদস্যরা হলেন বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম এবং কনস্টেবল সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, আফজাল হোসেন, শহীদুল ইসলাম ও মাসুদুর রহমান। এ ছাড়া সংঘর্ষে আহত আরও ১১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কেন্দো গ্রামের জাহিদ হাসানকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।
আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, গুলিতে জাহিদ হাসানের পাকস্থলী ফুটো হয়ে গেছে। রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।
এদিকে বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান নিহত হওয়ার পর গতকাল দুপুরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ মাসুদুর রহমান ভূইয়াসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহত হওয়ার ঘটনায় গতকাল দুপুরে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ আলী বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, মামলায় দায়িত্ব পালনের সময় সশস্ত্র অবস্থায় পুলিশের ওপর আক্রমণ অভিযোগ করা হয়েছে।
গতকাল সকালে এলাকায় গিয়ে থমথমে অবস্থা দেখা যায়। গুলি বর্ষণ এবং সংঘর্ষের বিষয় নিয়ে কেউ কথা বলতে চাচ্ছেন না। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে দুজনের লাশই দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় সাংসদ এনামুল হক উপস্থিত ছিলেন।
জানাজার পর এক সংক্ষিপ্ত শোকসভায় সাংসদ এনামুল হক অভিযোগ করেন, গত শনিবারের ঘটনায় পুলিশ দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেনি। থানার ওসি মতিয়ার রহমান পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা না করেই নির্বিচারে আওয়ামী লীগ কর্মীদের ওপর গুলি চালিয়েছে। এতে দুই কর্মী নিহতসহ অর্ধশতজন আহত হন। হতাহতরা সবাই আওয়ামী লীগের স্থানীয় কর্মী বলে তিনি দাবি করেন। এছাড়াও এক কর্মীকে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ। তিনি গুলি চালানোর জন্য থানার ওসি মতিয়ার রহমানের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ২৪ ঘন্টার মধ্যে বাগমারা থেকে প্রত্যাহারের দাবি জানান।
রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বলেন, নিহত দুজনের মধ্যে সিদ্দিকুর রহমান গুলিতে নিহত এবং রমজান আলী সংঘর্ষের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে সিদ্দিকুর কার গুলিতে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাগামারার ১৬টি ইউনিয়নে শনিবার ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে সেই ভোট স্থগিত করে দেওয়া হয়। তারপরও বাতিল হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে আউচপাড়া ইউপির চেয়ারম্যান পদে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জান মোহাম্মদ সরদার এবং বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার সংঘর্ষ হয়।