পুলিশি পাহারায় বরিশালে জাতীয় পার্টির সম্মেলন
কঠোর পুলিশি প্রহরায় গতকাল সোমবার নগরের অশ্বিনীকুমার হলে বরিশাল মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেওয়া জেলার সাবেক সভাপতির সমর্থকেরা সম্মেলনস্থলে আসতেই পারেননি। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে কোনো কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইচ এম এরশাদ বলেন, সাগরে ভাসছে মানুষ। তাদের দেখার কেউ নেই। কর্মসংস্থান না থাকায় দেশের মানুষ ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। মানব পাচারের শিকার হচ্ছে। তারা না খেয়ে মরছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এসব নাগরিককে রক্ষা করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশে সুশাসন নেই। এভাবে মানুষ বাঁচতে পারে না। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। সেখানে গিয়েও আশ্রয় না পেলে মানুষ যাবে কোথায়? তাই মানুষ পরিবর্তন চায়।
সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন এরশাদ। তিনি তাঁর আমলের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘আমার সময় বিচার বিভাগসহ কোথাও হস্তক্ষেপ করি নাই। এখন সর্বত্র হস্তক্ষেপ করা হয়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরা ভালো করব। আপনারা আমার পাশে থাকবেন। জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একবার সুযোগ চাই।’
এদিকে সম্মেলন প্রতিহত করতে ব্যর্থ হয়ে জেলার সাবেক সভাপতি মহসিন উল ইসলাম হাবুল ও তাঁর সমর্থকেরা সকাল আটটার দিকে জেলা স্কুলে জড়ো হন। পরে তাঁরা সার্কিট হাউসে পার্টির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। তবে মহসিনের দাবি, তিনি এরশাদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের আশ্বস্ত করেছেন তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে কমিটি ঘোষণা করা হবে। সে কারণেই কমিটি ঘোষণা করা হয়নি।
মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক এ কে এম মরতুজা আবেদীন বলেন, ‘হাবুলরা সম্মেলনস্থলে আসতে পারেনি। সার্কিট হাউসে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলেও পুলিশি বাধায় তারা যেতে পারেনি। পরে চেয়ারম্যান গাড়িতে যাওয়ার সময় একটি ফুলের তোড়া দিয়েছে মাত্র।’
মুরতজা আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্যসচিব আলতাফ হোসেন।