পুলিশি বাধায় ঈশ্বরদীতে বিএনপির কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা পণ্ড হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য ‘পৌর বিএনপি শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি-২০১৬’ ব্যানারে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের রেলগেট দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা, সমাবেশ ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু পুলিশি বাধায় এই শোভাযাত্রা ও সমাবেশ হয়নি। এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস অভিযোগ করেন, বিকেলে শোভাযাত্রা শুরু করতেই পুলিশ বাধা দিয়ে দলীয় নেতা-কর্মীদের কাছে থাকা দুটি দলীয় ব্যানার ছিনিয়ে নেয়। কারণ জানতে চাইলে পুলিশ জানায়, রাজপথে কোনো কর্মসূচি পালন করা যাবে না। পরে সেখান থেকে দলের নেতা-কর্মীরা শহীদ মিনারের সামনে এসে জড়ো হন। এখানে আলোচনা সভা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ কে এম আক্তারুজ্জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, দলের জ্যেষ্ঠ সদস্য জাহিদুর রহমান বিশ্বাস, আতাউর রহমান, ইসলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। আলোচনা সভা শুরু করতেই আবারও পুলিশ এসে সভা করতে নিষেধ করে। এ সময় এ কে এম আক্তারুজ্জামান মাইকে পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমরা দলীয় কর্মসূচি পালন করতে পারব না কেন? সাংবাদিক ভাইয়েরা, আপনারা জেনে যান, পুলিশ আমাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না।’

এ সময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার আলোচনা সভার মঞ্চে গিয়ে বলেন, ‘বাইরে নয়, আপনাদের ঘরের ভিতরে সভা করতে হবে।’ এ কথা শুনে আক্তারুজ্জামান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি বাতিল করা হলো। এ ঘোষণায় দলীয় কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়লে নেতারা তাঁদের শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে বলেন। পরে নেতা-কর্মীরা সভাস্থল ত্যাগ করেন।

আবদুল হাই তালুকদার বলেন, কর্মসূচি পালনের জন্য স্থানীয় বিএনপি আগেই পুলিশকে জানিয়েছিল। তবে তখন তারা কর্মসুচি ঘরে পালন করা হবে বলে জানায়। কিন্তু পরে সেই ওয়াদা ভঙ্গ করে কর্মসূচি চালানোর চেষ্টা করায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপিকে নিষেধ করা হয়েছে।

এর আগে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গত ১২ জুলাই ঈশ্বরদী বিএনপির পক্ষ থেকে শোক র‍্যালির আয়োজন করা হয়। সেটিও পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।