পুলিশি বাধায় জয়পুরহাটে বিএনপির কর্মসূচি

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছর কারাদণ্ডের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পুলিশি বাধায় করতে পারেনি জয়পুরহাট জেলা বিএনপি। জেলা পুলিশের বিশেষ শাখার অনুমতি না নেওয়ায় বিএনপির এ কর্মসূচি পালনে নিষেধ করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপি।
জয়পুরহাট জেলা বিএনপির নেতাদের অভিযোগ, গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের রেলঘুমটি এলাকার বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু মিছিলটি দলীয় কার্যালয়ের ১০ গজ পেরোতে না-পেরোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দেয়। এতে মিছিল আর সামনে এগোতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সেখানে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান। জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা থেকে পূর্বানুমতি না নেওয়ায় তাদের নিষেধ করা হয়েছে।