পুলিশি বাধায় পণ্ড বিএনপির মিছিল
ফরিদপুর ও বাগেরহাটে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল।
বাগেরহাট বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়রা জানান, গতকাল সকালে শহরের মুণিগঞ্জ এলাকার দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হলে কিছুদূর আসার পরই পুলিশ ওই মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা ওই স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী প্রমুখ।
এম এ সালাম অভিযোগ করেন, কেন্দ্রঘোষিত এই কর্মসূচি বানচাল করতে শনিবার রাতে পুলিশ বাগেরহাট জেলা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান চালায়। তার পরও নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে মিছিল বের করেন।
তবে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, শহরের বিশৃঙ্খলা এড়াতে বিএনপিকে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সভাপতি জহিরুল হকের নেতৃত্বে নেতা-কর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিলটুলী এলাকার মুজিব সড়ক হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের সামনে বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ হয়।