পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় নোয়াখালীর সেনবাগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে বিএনপির উপজেলা কার্যালয়ে কিছু সময় তালা ঝুলিয়ে রাখারও অভিযোগ করেছে দলটি। পুলিশ বলছে, মানববন্ধনের অনুমতি দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সেনবাগ থানার মোড়ে মানববন্ধনের এ কর্মসূচি ছিল।
২০১১ সালের ৬ জুলাই ঢাকার সংসদ ভবন এলাকায় তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর নির্যাতনের প্রতিবাদে দিনটিকে ‘নির্যাতন দিবস’ হিসেবে পালন করছে সেনবাগ উপজেলা বিএনপি। এ উপলক্ষে গতকালের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি আহ্বান করা হয়।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিবসটি পালন উপলক্ষে দলের কর্মসূচি সম্পর্কে দু-তিন দিন আগে দলের পক্ষ থেকে থানা-পুলিশকে অবহিত করা হয়। কিন্তু পুলিশ থানার মোড়ে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এরপরও কর্মসূচি পালন করতে গতকাল সকাল থেকে দলীয় নেতা-কর্মীরা সেনবাগ বাজারে জড়ো হতে থাকেন। কিন্তু একই সময় থানার মোড়ে ও সেনবাগ দক্ষিণ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করায় মানববন্ধন করতে পারেনি বিএনপি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, পুলিশ তাঁদের থানার মোড়ে মানববন্ধন করতে না দিয়েই ক্ষান্ত হয়নি, সকালে থানার একজন দারোগা এসে কর্মরত পিয়নকে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এতে দলীয় নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এলেও ভেতরে ঢুকতে পারেননি। পরে সকাল ১০টার দিকে দলীয় কর্মীদের প্রতিবাদের মুখে কার্যালয় খুলে দেয় পুলিশ। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন তাঁরা।
বিএনপির কর্মসূচি পালনে বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি থানার মোড়ে সড়কের ওপর মানববন্ধন করতে চেয়েছিল। কিন্তু শহরের প্রধান সড়কটি এমনিতেই সরু। এখানে মানববন্ধন করলে জনগণের দুর্ভোগ বাড়বে। তাই তাঁদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে। দলীয় কার্যালয়ে তালা ঝুলানোর অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম। বক্তব্য দেন জেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী ও উপজেলা যুবদলের সভাপতি মির্জা মো. মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. ইউছুফ মজুমদার, জাহিদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উল্লাহ প্রমুখ।