পুলিশি বাধায় ২০-দলীয় জোটের সমাবেশ পণ্ড
পুলিশের বাধায় গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ের কালামপুরে ২০-দলীয় জোটের পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে গেছে। সমাবেশস্থলে যেতে নেতা-কর্মীদের পথে পথে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে নেতা-কর্মীরা ১৫ কিলোমিটার দূরে বালিয়ায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহামেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
বিএনপির স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০-দলীয় জোটের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি কালামপুরে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজে সমাবেশের আয়োজন করে। গতকাল বিকেলে সেখানে সমাবেশ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কলেজ চত্বরে মঞ্চও তৈরি করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই মঞ্চ ভেঙে দেয়। এরপর সেখানে সব ধরনের সভা ও সমাবেশ না করতে পুলিশ নেতাদের সতর্ক করে দেয়।
গতকাল দুপুর থেকে বিপুলসংখ্যক পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর, ধুলিভিটা, কালামপুরসহ ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ এবং কালামপুর-সাটুরিয়া সড়কের কাওয়ালিপাড়া এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। এসব অবস্থান থেকে পুলিশ নেতা-কর্মী বহনকারী যানবাহনে তল্লাশি করে তাঁদের সমাবেশে যেতে বাধা দেয়। পুলিশের এ তৎপরতার কারণে নেতারা সভাস্থল পরিবর্তন করে বালিয়ায় ব্যারিস্টার জিয়াউর রহমানের বাড়িতে সমাবেশের আয়োজন করেন। কিন্তু সেখানে যাওয়ার পথেও পুলিশ নেতা-কর্মী বহনকারী যানবাহনে বাধা দেয়। এ কারণে বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আশুলিয়া থানা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা কফিল উদ্দিনসহ অনেক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে উপস্থিত হতে পারেননি।
ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি কয়েক দিন আগে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজে সমাবেশ করার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু জেলা প্রশাসন থেকে তাঁদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এর পরও তাঁরা কলেজ চত্বরে সমাবেশ করার জন্য মঞ্চ তৈরি করেন। পুলিশ তা ভেঙে দেয়। বাধ্য হয়ে তাঁরা স্থান পরিবর্তন করে বালিয়ায় সমাবেশের আয়োজন করেন। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে নেতা-কর্মীদের সেখানে উপস্থিত হতেও বাধা দেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমেদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। শাইখ নূরুল ইসলাম ফারুকীর মতো একজন মানুষকে নৃশংসভাবে খুন করা হলো। নারায়ণগঞ্জে একসঙ্গে হত্যা করা হলো সাতজনকে। একদলীয় শাসনব্যবস্থার জন্যই দেশে খুন, গুম ও অপহরণের ঘটনা বেড়ে গেছে। একদলীয় সরকার যেখানে থাকে, সেখানে নৈরাজ্য বাড়ে। ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়নও বাড়ে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় কালামপুরে ২০-দলীয় জোটের পূর্বনির্ধারিত সমাবেশ হতে দেওয়া হয়নি। আর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়েছে।