পুলিশি হয়রানি বন্ধে সহযোগিতা চাইলেন আ. লীগের নেতারা
পুলিশি হয়রানি বন্ধে পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার শীর্ষ নেতারা। গত বুধবার তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে দেখা করে নিরীহ মানুষ যাতে পুলিশি হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের নয়জন নেতা বুধবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনের কার্যালয়ে যান। সেখানে তাঁরা পুলিশি হয়রানি ও গ্রেপ্তার-বাণিজ্যের বিষয় পুলিশ সুপারকে অবহিত করেন।
তাঁরা জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ ও আওয়ামী লীগের সভাপতি আহমেদ স্বপন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।
উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেন, কিছু দিন ধরে কতিপয় পুলিশের দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে বাড়ি থেকে ধরে এনে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ তাঁরা তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে পাচ্ছেন। নবাগত পুলিশ সুপার আলতাফ হোসেন সাতক্ষীরায় যোগ দেওয়ার পর পুলিশের হয়রানি গ্রেপ্তার-বাণিজ্য থেকে সাধারণ মানুষ রেহাই পাবে। কিন্তু তা কমেনি। ফলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এটি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
মুনসুর আহম্মেদ বলেন, ‘নতুন এসপি আসার পরে নয় সদস্যের একটি দল নিয়ে বুধবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি। সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাঁকে অনুরোধ করেছি, যেন দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয় এবং কোনো নিরপরাধ মানুষ অযথা হয়রানির শিকার না হয়।’
পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতারা তাঁর সঙ্গে দেখা করে বলেছেন, অনেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে যাচ্ছে। আবার অনেকে আওয়ামী লীগে যোগদান করতে যাচ্ছে। এসব মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার সহযোগিতা চান। তিনি আরও বলেন, ‘আমি বলেছি, এমন কাউকে দলে টানবেন না যারা প্রশ্নবিদ্ধ। যারা আসামি, তাদের ধরতে হবে। অন্য কোনো বিষয় আলোচনা হয়নি।’