পুলিশের ওপর হামলার 'মাস্টার মাইন্ড' বিএনপির নেতৃত্ব

• পুলিশের ওপর হামলার উসকানি বিএনপি দিয়েছে
• বিএনপি ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের ওপর হামলার ‘মাস্টার মাইন্ড’ বিএনপির নেতৃত্ব, তারাই এ হামলা করিয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
গত মঙ্গলবার হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলাকারীরা ‘অনুপ্রবেশকারী’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ফুটেজ আছে। এ হামলার ফুটেজ কিন্তু মুছে যায়নি। এ হামলা কীভাবে হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার।’ তিনি বলেন, সেদিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত, তাদের গ্রেপ্তার না করে কী করব? কারা কারা ওখানে ছিল, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়নি। এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না, কারণ হামলার উসকানি তারাই দিয়েছে। বিএনপি ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে। তিনি বলেন, ‘আমরা কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনা বিনা বিচারের ঝুঁকির মুখে ফেলে দেব? এ ধরনের ঘটনাকে আশকারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।’
খালেদা জিয়ার মামলায় রায়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উসকানিমূলক বা নাশকতা-জাতীয় কিছু করা হয় এবং সহিংসতা দেখা যায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেওয়া হবে।’